ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বিজয় নগরে ঢাকা কর অঞ্চল-৮ এর ভবন উড়িয়ে দেওয়ার হুমকির পর সেখানকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কারাবন্দি হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান এবং বঙ্গবন্ধু মামলার ফাঁসির আসামি সৈয়দ ফারুক রহমানের লোক পরিচয় দিয়ে বৃহস্পতিবার ওই হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ জানায়।
রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল সাড়ে ৩টার দিকে ফারুক রহমানের লোক পরিচয় দিয়ে কর অঞ্চল-৮ এর উপ কমিশনার আফতাব জাহানকে এবং ৫টার দিকে রাজস্ব বোর্ডের প্রথম সচিব সিরাজুল ইসলামকে মুফতি হান্নানের লোক পরিচয় দিয়ে টেলিফোনে ভবন দুটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
তিনি বলেন, ঘটনার পরপরই এনবিআর ও ঢাকা কর অঞ্চল-৮ এর কার্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে রমনা থানায় আলাদা দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুরুন নাহার মনি।
রাজস্ব বোর্ডের প্রথম সচিব সিরাজুল ইসলামের জিডির বরাত দিয়ে তিনি বলেন, "সিরাজুল ইসলামকে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে বলে, মুফতি হান্নানের ফাঁসির চেষ্টা চলছে। এটা বন্ধ করার জন্য সে হুমকি দেয়। একই সঙ্গে সে বলে, রাজস্ব ভবনের চারদিকে পাঁচটি টাইম বোমা রয়েছে। অফিস শেষ হওয়ার পরই সেগুলোর বিস্ফোরণ ঘটবে।"
মনি জানান, আফতাব জাহান তার ডায়েরিতে বলেছেন, তার অফিসের বিটিসিএল (টিঅ্যান্ডটি) ফোনে একটি মোবাইল ফোন থেকে কর্নেল ফারুক রহমানের লোক পরিচয় দিয়ে হুমকি দিয়ে কেউ একজন বলেছে, অন্যায়ভাবে ফারুক রহমানের বিচার করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। অফিসে একটি রিমোট কন্ট্রোল বোমা রয়েছে। বিকালে সেটির বিস্ফোরণ ঘটবে।
রমনা থানার ওসি শিবলী জানান, হুমকি দেওয়ার পরই পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন তল্লাশি চালায়। তবে কোনো কিছুই পাওয়া যায়নি।
একটি মোবাইল ফোন নম্বর পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, সেটা কার খুঁজে বের করার চেষ্টা চলছে।
আগামী শনিবারই বিগত অর্থ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন। এর একদিন আগে বৃহস্পতিবার কর কার্যালয়গুলোতে ব্যাপক লোক সমাগম হয়। এর মধ্যেই এ হুমকি এলো।
বর্তমানে সুপ্রিম কোর্টে বঙ্গবন্ধু মামলার আপিল শুনানি চলছে। কয়েকদিন আগেই বঙ্গবন্ধু পরিবারের সদস্য ফজলে নূর তাপসকে লক্ষ করে বোমা হামলা হয়। এরপর মৃত্যুর হুমকি পান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
বঙ্গবন্ধু মামলা বিচার ঘিরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলতে পারে
bdnews24