২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বিআরটিসি বাসের লিজ বাতিল এবং নসিমন-করিমন ও ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও বাস মালিক সমিতি এ ধর্মঘট ডেকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

চাঁপাইনবাবগঞ্জ, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বিআরটিসি বাসের লিজ বাতিল এবং নসিমন-করিমন ও ভটভটিসহ সব অবৈধ যানবাহন বন্ধসহ সাত দফা দাবিতে জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও বাস মালিক সমিতি এ ধর্মঘট ডেকেছে। সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক সমিতি এবং মটরশ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে জেলা প্রশাসন বৈঠকে বসলেও তিন ঘন্টার ওই বৈঠক কোন সমঝোতা ছাড়াই শেষ হয়। ধর্মঘটের কারণে সকাল থেকে জেলার পাঁচটি উপজেলা ও আন্তঃজেলা রুটে কোনও বাস-ট্রাক চলাচল করেনি। তবে পুলিশ পাহারায় শহরের বিআরটিসি বাস কাউন্টারে সকাল ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত নয়টি রুটের বাস ছেড়ে যায়। জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "আগামী দুদিনের মধ্যে দাবি না মানা হলে উত্তরবঙ্গের ১৬ জেলায় পরিবহন ধর্মঘট ডাকা হবে।" চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আব্দুল হামিদ বলেন, "জেলা ট্রাক ও মটর শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক ও বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে ২৭ অক্টোবর প্রশাসনের বৈঠক হয়। বৈঠকে তাদের সব দাবি মেনে নেওয়া হলেও এখন ধর্মঘট আহ্বান করে তারা জনগণকে দুর্ভোগে ফেলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএনএস/এইচএ/২২০৬ ঘ.