ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি বেতন-ভাতার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষকদের বেতন-ভাতা ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
গোলাম ফারুক খন্দকার প্রিন্সের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিকীকরণের জন্য 'জাতীয় শিক্ষানীতি- ২০০৯' প্রণয়ন করতে যাচ্ছে। জাতীয় শিক্ষানীতির খসড়া ইতোমধ্যে প্রণীত হয়েছে এবং সরকারের কাছে পেশ করা হয়েছে। শিক্ষানীতির বিষয়ে জনসাধারণের মতামত গ্রহণের জন্য খসড়াটি শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
তিনি বলেন, "জাতীয় শিক্ষানীতি- ২০০৯ গৃহীত ও বাস্তায়িত হলে শিক্ষাব্যবস্থা যুগোপযুগী ও আধুনিক হবে।"
স্কুলে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা, প্রাথমিক স্তরে সমাপনী পরীক্ষা পদ্ধতি চালু, সব শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ, শিক্ষক প্রশিক্ষণসহ নানামুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান শেখ হাসিনা।
প্রিন্সের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, "যারা উচ্চ ডিগ্রী পায়, তারা গ্রামে থেকে শিক্ষকতা করতে চায় না। এজন্য তাদের আকর্ষণ করতে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা আমরা নেব।"
ভালো বেতন না পেলে শিক্ষকরা মনোযোগী হন না মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, "আমরা প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। শিক্ষকদের মর্যাদা যেন রক্ষা পায় সে ব্যবস্থা আমরা করবো। সরকারি বেতন-ভাতার সঙ্গে সামঞ্জস্য রেখেই শিক্ষকদের বেতন-ভাতা ঠিক করা হবে।"
নির্বাচনী ইশতেহার ও রূপকল্প অনুযায়ী দেশের মানুষের আয়ু বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে তার সরকার ব্যাপক কর্মসূচি নিয়েছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেআরসি/পিসি/এমএইচসি/এজে/এসএইচ/২০৪৭ঘ.
bdnews24