২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কোপেনহেগেন থেকে সুবিধা আদায় করতে একসঙ্গে কাজ করুন'

কোপেনহেগেন জলবায়ু সম্মেলন থেকে যতটা সম্ভব বেশি সুবিধা আদায় করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 12:16 PM

ঢাকা অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেন জলবায়ু সম্মেলন থেকে যতটা সম্ভব বেশি সুবিধা আদায় করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। মঙ্গলবার সকালে রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে "কনসালটেশন মিটিং অব ক্লাইমেট চেঞ্জ" শীর্ষক আলোচনা সভায় তিনি এ তাগিদ দেন। নিশাত বলেন, "সরকারী বিভিন্ন দপ্তরসহ বেসরকারি অনেক সংস্থা এই খাতে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় সবাইকে একটি লক্ষ্য নির্দিষ্ট করতে হবে।" তিনি বলেন, ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে জলবায়ু বিষয়ক যে সম্মেলনটি হবে, এর ফলাফল আগামী কয়েকবছর বাংলাদেশসহ এই সমস্যা কবলিত সবগুলো দেশকে ভোগ করতে হবে। তাই আমাদের এখনি ঠিক করতে হবে, এই সম্মেলনে আমরা কি নিয়ে দরকষাকষি করবো, কতটা করবো এবং সেখান থেকে আমরা কি আনতে পারব।" বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আইইউসিএন যৌথভাবে আলোচনা সভাটির আয়োজন করে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মিহির কান্তি মজুমদার বলেন,"যতদিন কোন সমস্যা সামনে না আসে, ততদিন সেটাকে ভয় পাওয়া যেতে পারে। কিন্তু জলবায়ু পরিবর্তনের সমস্যাটি আমাদের সামনেই চলে এসেছে। অতএব এখন আর ভয় বা উদ্বিগ্ন না হয়ে কিভাবে এটি মোকাবেলা করা যায়, সেদিকে নজর দিতে হবে।" বিসিএএসের ড. আতিক এ রহমান বলেন, "পরিবেশগত সমস্যার সমাধানে আমাদের সবাইকে একসাথে সোচ্চার হতে হবে। উন্নত বিশ্বের কারণে যে ক্ষতির সৃষ্টি হয়, তার ক্ষতিপূরণও তাদের কাছ থেকেই আদায় করতে হবে।" সভায় আরো বক্তব্য দেন আইইউসিএনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ড. নিয়াজ আহমেদ খান, বিআইডিএসের গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান, প্রধান বন সংরক্ষক মো. আব্দুল মোতালেব, সাংবাদিক মাহফুজউল্লাহ প্রমুখ। সভায় বক্তারা সরকারি প্রতিটি মন্ত্রণালয়ের কাজে পরিবেশ বিষয়ক কর্মসূচী অন্তর্ভুক্তির পরামর্শ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০৪১ঘ.