২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক অবরুদ্ধ, কলেজ অনির্দিষ্টকাল বন্ধ

পরিচালনা পরিষদের সভাপতির পদত্যাগ এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে রোববার সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগ কলেজ ভবনের বিভিন্ন কক্ষ তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2009, 07:08 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিচালনা পরিষদের সভাপতির পদত্যাগ এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে রোববার সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগ কলেজ ভবনের বিভিন্ন কক্ষ তিন ঘণ্টা তালাবদ্ধ করে রাখে। এ সময় বিভিন্ন শ্রেণীকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেয় এবং চলমান কৃষি ডিপ্লোমা পরীক্ষা বন্ধ করে দেয়। এ ঘটনায় কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বেলা ১১টায় অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন কক্ষে তালা দিয়ে আটকে রাখে। দুপুর ২টায় আবার তারাই তালা খুলে দেয় বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের কয়েকজন শিক্ষক জানান, সকাল ১১টার দিকে কলেজ ছাত্রলীগের একজন সাবেক নেতা ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মীসহ লাঠিসোটা নিয়ে কলেজে ঢোকে। এরপর তারা অনার্স ক্লাস ও কৃষি ডিপ্লোমা পরীক্ষা বন্ধ করে দেয়। এ সময় কয়েকজন শিক্ষককে তারা অশ্লীল ভাষায় গালাগাল দেয়। এক পর্যায়ে তারা অধ্যক্ষ এমদাদ হোসেন, উপাধ্যক্ষ সাইদুর রহমান মুকুল এবং সাধারণ শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ ছাড়া কলেজ প্রাঙ্গণে তারা একটি ব্যানার ঝুলিয়ে দেয়। তাতে লেখা ছিল- 'গভর্নিং বডির চেয়ারম্যান আব্দুল জব্বারের পদত্যাগ চাই', 'দুর্নীতিবাজ অধ্যক্ষ এমদাদ ও উপাধ্যক্ষ মুকুলের অপসারণ চাই'। কলেজের অধ্যক্ষ এমদাদ হোসেন জানান, খবর দেওয়ার ঘণ্টাখানেক পর একদল পুলিশ ক্যাম্পাসে এলেও তারা শিক্ষকদের মুক্ত করেনি। এরপর জেলা ছাত্রলীগ সভাপতি কাজী আক্তার হোসেন কলেজে এসে ছাত্রলীগের এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন। অধ্যক্ষ বলেন, "এ সময় কাজী আক্তার হোসেনও পরিচালনা পরিষদের সভাপতির পদত্যাগ এবং অধ্যক্ষ, উপধ্যক্ষের অপসারণ দাবি করেন।" পরে দুপুর ২ টায় কাজী আক্তার হোসেন তালাবদ্ধ ঘরগুলি খুলে দিলে শিক্ষক ও কর্মচারীরা মুক্ত হন। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকাল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে বলে অধ্যক্ষ জানান। সদর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই ছাত্ররা কলেজ ভবনের তালা খুলে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৫ ঘ.