২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাসের কর্মসূচি ঘোষণা তেল-গ্যাস রক্ষা কমিটির

তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিভিন্ন দাবিতে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছে। কমিটির প্রধান দাবির মধ্যে রয়েছে, উৎপাদন বণ্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি-২০০৮' বাতিল এবং শতভাগ মালিকানার শর্তে নতুন নীতিমালায় গ্যাস উত্তোলন শুরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2009, 02:13 PM

Updated : 26 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বিভিন্ন দাবিতে তিন মাসের কর্মসূচি ঘোষণা করেছে। কমিটির প্রধান দাবির মধ্যে রয়েছে, উৎপাদন বণ্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি-২০০৮' বাতিল এবং শতভাগ মালিকানার শর্তে নতুন নীতিমালায় গ্যাস উত্তোলন শুরু। আগামী ১ নভেম্বর সারা দেশে গণস্বাক্ষর শুরুর মধ্য দিয়ে শুরু এ কর্মসূচি আগামী ৩০ জানুয়ারি ঢাকামুখী লং মার্চ ও সমাবেশ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে হরতাল, অবরোধের কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দেন কমিটির সভাপতি শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কমিটির দিনব্যাপী সম্মেলন শেষে কর্মসূচি ঘোষণা করেন তিনি। তেল-গ্যাস-কয়লা রপ্তানি নিষিদ্ধ, উৎপাদন বণ্টনের নমুনা চুক্তি 'মডেল পিএসসি ২০০৮' বাতিল করাসহ বিভিন্ন দাবিতে শনিবার ওই নাগরিক কমিটি জাতীয় সম্মেলন করে। জাতীয় কমিটির অন্যান্য কর্মসূিচ হলো-নভেম্বর ও ডিসেম্বরে জেলা-উপজেলায় কেন্দ্রীয় নেতাদের সফর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন এবং বিভাগীয় সদরে সমাবেশ, ২২ ডিসেম্বর দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদ মিনারে গণশপথ, ২২ জানুয়ারি দেশব্যাপী মানববন্ধন, ২৫ থেকে ৩০ জানুয়ারি ঢাকামুখী লং মার্চ এবং সমাবেশ। কর্মসূচি ঘোষণাকালে প্রকৌশলী শহীদুল্লাহ বলেন, "কর্মসূচি চলাকালে সরকার চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত করলে তাৎক্ষণিকভাবে হরতাল ঘোষণা করা হবে।" কমিটি ঘোষিত দাবির মধ্যে রয়েছে মডেল পিএসপি বাতিল ও এর আওতায় করা সকল চুক্তি প্রক্রিয়া বন্ধ, শতভাগ মালিকানা নিশ্চিত করে নতুন নীতিমালার অধীনে গ্যাস উত্তোলন প্রক্রিয়া শুরু, সংসদে প্রস্তাবিত জ্বালানি সম্পদ নিষিদ্ধকরণ আইন-২০০৯ পাস, ফুলবাড়ী ছয় দফা চুক্তির পূর্ণ বাস্তবায়ন, জাতীয় সক্ষমতা গ্রহণে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ এবং ২ সেপ্টেম্বর জাতীয় কমিটির মিছিলে হামলার তদন্ত ও দোষীদের বিচার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএইচ/