ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যর্থ হলে দেশ খুনিদের হাতে চলে যাবে বলে আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
সাংসদ ফজলে নূর তাপসের ওপর বোমা হামলার প্রতিবাদে শুক্রবার যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ-সমাবেশে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে নাসিম বলেন, "শেখ হাসিনাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আওয়ামী লীগ ও শেখ হাসিনা ব্যর্থ হলে দেশ খুনিদের হাতে চলে যাবে।"
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে উদ্দেশ করে তিনি বলেন, "আপনি অ্যাকশন নিচ্ছেন না কেনো? জনগণ অ্যাকশন দেখতে চায়। অ্যাকশন ছাড়া কোনো সরকার চলতে পারে না।"
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের বিতর্কিত পুলিশ অফিসারদের এখনো গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "ক্রিমিনাল পুলিশ অফিসাররা এখনো বাইরে কেনো? তাদের কেনো গ্রেফতার করা হচ্ছে না? বিএনপি-জামায়াতের তল্পিবাহক পুলিশ অফিসারদের বিরুদ্ধে এখনো কেনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না?"
আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য নাসিম বলেন, "যারা শেখ হাসিনাকে মাইনাস করতে চেয়েছিলো, তারাই মাইনাস হয়ে গেছে।"
তিনি আরো প্রশ্ন করেন, "সাকা'র (সালাউদ্দিন কাদের চৌধুরী) মতো কুলাঙ্গাররা এখনো বাইরে কেনো?"
সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-হক হানিফ বলেন, "বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।
"যারা '৭৫ সালে জাতির জনককে হত্যা করেছিলো, তারাই আবার সংঘবদ্ধ হয়ে তাপসের ওপর হামলা চালিয়েছে।"
যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ-সমাবেশে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24