২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যুর অভিযোগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। এ নিয়ে বুধবার রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতি হয়েছে। হাসপাতাল থেকে রোগীর দু' স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 07:38 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক স্কুলছাত্রীর মৃত্যুর অভিযোগ তুলেছেন তার স্বজনরা। এ নিয়ে বুধবার রাতে হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে রোগীর স্বজনদের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতি হয়েছে। হাসপাতাল থেকে রোগীর দু' স্বজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চিকিৎসকদের মারধর ও ভাঙচুরের অভিযোগে ৩০ নম্বর ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন। আনিছা বেগম (৮) নামে ওই ছাত্রীর বাবা আসাদ আলী জানান, রাজধানীর পলাশী এলাকার বাসায় বুধবার সকালে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা মনোযোগ দিচ্ছিলেন না। দিনে দু'-একবার দেখে গেলেও রাতে কোন চিকিৎসককেই পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ করেন তিনি। অগ্রণী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী আনিছাকে নিউরোসার্জারী বিভাগের অধীনে ৩৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বজনরা বারবার চিকিৎসককে ডাকতে যান। তবে ব্যস্ততার অজুহাতে কোন চিকিৎসকই রোগীর পাশে যাননি বলে তারা অভিযোগ করেছেন। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে আনিছা মারা গেলে স্বজনরা ৩৫ নম্বর ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামের ওপর চড়াও হন। এসময় হাসপাতালের ওয়ার্ডবয়সহ অন্যান্য কর্মীদের সঙ্গে আনিছার স্বজনদের হাতাহাতি হয়। ক্ষুব্ধ স্বজনরা ৩০ নম্বর ওয়ার্ডের জানালার কাঁচ ও আসবাবপত্র ভাংচুর করেন। এক পর্যায়ে পুলিশ গিয়ে আনিছার চাচা মোর্শেদ ও খালু জুয়েলকে আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক হীরেন্দ্র নাথ জানান, রোগীর মৃত্যুতে উত্তেজিত স্বজনরা হাসপাতালে ভাংচুর করে। কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দুু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। চিকিৎসকদের অবহেলার অভিযোগটিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান। এর আগে মঙ্গলবারই রোগীর পেটে অপারেশনের ব্লেড রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ ওঠে এ হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। পরপর তিনবার অস্ত্রোপচার করে তার পেট থেকে ব্লেড বের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০১৩৭ঘ.