রাজশাহী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদসহ ৫৬ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার রাজশাহীর একটি আদালতে হত্যা মামলা হয়েছে।
আসামিদের মধ্যে এক জামায়াত নেতা ও তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাও রয়েছেন।
মামলায় রাজশাহীর বাগমারা উপজেলার সাজুড়িয়া গ্রামের আবু তালেব নামে এক যুবককে হত্যার পর লাশ গুমের অভিযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর সিনিয়র বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন তালেবের চাচা আমজাদ হোসেন।
হাকিম মরিয়ম মুন মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাগমারা থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
আসামিদের মধ্যে আছেন- জেএমবি নেতা ও বাগমারার মোস্তাফিজুর রহমান ওরফে কিলার মোস্তাক, সাকোয়া গ্রামের আব্দুস সাত্তার, মাঝগ্রামের অধ্যাপক লুৎফর রহমান, পলাশী গ্রামের মামুন মোহরী, গোয়ালকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মজিদ খাঁ ও তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির নেতা আনোয়ার হোসেন।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০৪ সালের ১৪ এপ্রিল বাগমারা উপজেলার সাজুড়িয়া গ্রামের আবু তালেবকে জেএমবি ক্যাডাররা ধরে নিয়ে গিয়ে ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তার পরিবার ৩৫ হাজার টাকা দিলেও বাদবাকি টাকা না দেওয়ায় হামিরকুৎসায় বাংলাভাইয়ের নির্যাতন ক্যাম্পে তালেবকে হত্যার পর লাশ গুম করা হয়।
বাগমারা থানার ওসি হারুন-অর-রশিদ বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত মামলার লিখিত কোন নির্দেশ হাতে পায়নি। কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১১৮ ঘ.
bdnews24