২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

একাত্তরে হত্যার অভিযোগে বাগেরহাটে একজনের বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বাগেরহাটে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2009, 12:26 PM

Updated : 26 Aug 2022, 12:14 PM

বাগেরহাট, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বাগেরহাটে এক 'রাজাকার'র বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন মোড়েলগঞ্জ উপজেলার তেলিগাঁতি ইউনিয়নের ঢুলিগাঁতি গ্রামের শহীদ সেকেন্দার আলী খানের স্ত্রী মোসাম্মৎ মেহেরুন্নেছা। হাকিম আব্দুস সালাম খান মামলাটি গ্রহণ করে নথিভুক্ত করা জন্য থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে মোড়েলগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ রাতেই মামলাটি নথিভুক্ত করেন। মামলার আসামি হলেন- মোড়েলগঞ্জের পার্শ্ববর্তী রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের বড় সন্ন্যাসী গ্রামের কেরামত আলী হাওলাদার ওরফে কিরু (৬০)। মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে পুলিশ কর্মকর্তা রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৭১ সালের ৪ ডিসেম্বর বিকেলে সেকেন্দার আলী খানের বাড়িতে ৮-৯ জন সহযোগীসহ হানা দেন রাজাকার কিরু। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মালামাল লুট করে সেকেন্দার আলীকে বাড়ির অদূরে খালের পাড়ে নিয়ে গুলি করে হত্যা করে। তিনি বলেন, "আদালতের নির্দেশে মামলাটি থানায় নথিভুক্ত করা হয়েছে। কিরুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১৮১৯ ঘ.