কক্সবাজার, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে সৈন্য সমাবেশের কথা অস্বীকার করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী নাসাকা।
বিষয়টি বাংলাদেশী মিডিয়ার সৃষ্টি -এ মন্তব্য করে নাসাকা বলেছে, সীমান্তে নাসাকা তাদের নিয়মিত কর্মকাণ্ডের পাশাপাশি চোরাচালান ও মানুষ পাচার রোধে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছে।
বিডিআর ও নাসাকার মধ্যে ব্যাটালিয়ান পর্যায়ের পতাকা বৈঠকে এ দাবি করা হয়েছে বলে জানান টেকনাফের ৪২ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মোজাম্মেল হোসেন।
বুধবার মিয়ানমারের মংডু টাউনশীপে দুই দেশের সীমান্ত বাহিনীর নিয়মিত বৈঠকে মিয়ানমার এ দাবি করে।
অক্টোবরের প্রথম সপ্তাহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে নিজেদের ভূ-খণ্ডে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করে মিয়ানমার। এছাড়া বাংলাদেশের সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চল সীমান্তে মিয়ানমার সৈন্য সমাবেশ ঘটাচ্ছে বলে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক এর খবরে বলা হয়।
মোজাম্মেল হোসেন বলেন, "আমরা বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সেনা বাহিনী মোতায়েনের কথা তুলে ধরেছিলাম। তবে তারা বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে। নাসাকা কমান্ডার লে. কর্নেল নে মিউ বলেছেন- এটি বাংলাদেশী মিডিয়ার অপপ্রচার।"
এছাড়া বৈঠকে রোহিঙ্গাদের অনুপ্রবেশের বিষয় নিয়ে আলোচনার কথাও জানান তিনি।
নাসাকার পক্ষ থেকে দাবি করা হয়, মিয়ানমারে 'রোহিঙ্গা' বলে কোন জাতির অস্তিত্ব নেই। অনুপ্রবেশকারীদের 'মিয়ানমারের নাগরিক' কিংবা 'মিয়ানমারের মুসলিম' বলে পরিচয় দেওয়ার অনুরোধ জানায় তারা।
এছাড়া নাসাকার হাতে আটক ৯ জন বাংলাদেশী নাগরিককে বিডিআরের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রতিনিধি দলে থাকা মেজর আবু নাঈম।
তারা হলেন- নুর মোহাম্মদ, সৈয়দুল হক, আবু সিদ্দিক, আবদুল করিম, আবু বক্কর সিদ্দিক, আলী হোসেন, হারুনুর রশিদ, নবী হোসেন ও আমান উল্লাহ।
এদের মধ্যে প্রথম ৭ জন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও শেষের দুইজন কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসকে/২১৫৮ঘ.
bdnews24