ফেনী, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামীতে জাতীয় পার্টি (জাপা) এককভাবে ক্ষমতায় যেতে চায় বলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলের চেয়ারম্যান এইচএম এরশাদ।
মঙ্গলবার বিকেলে ফেনী শহরের ট্রাঙ্ক রোড এলাকায় শহীদ মিনারে জেলা জাতীয় পার্টির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, "এখন মহাজোটে আছি। আগামীতে আপনাদের সমর্থন নিয়ে এককভাবে ক্ষমতায় যেতে চাই। আশা করি আপনাদের সঙ্গে পাব।"
ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সর্বাত্মক চেষ্টার আশ্বাস দিয়ে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অনেকটা গোয়ালঘরে পরিণত হয়েছে। সেখানে স্থান সংকুলান হয় না। আমরা ফেনীতে বিশাল আকারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই।"
জাপা চেয়ারম্যান বলেন, "আমি ক্ষমতায় থাকতে ফেনীতে বিসিক শিল্প নগরী করেছি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক করেছি। দু'টি সেতু তৈরি করেছি। আগামীতে আপনাদের কল্যাণে আরও কাজ করতে চাই।"
জাতীয় পার্টি এদেশে উপজেলা করেছে উল্লেখ করে এরশাদ বলেন, দেশবাসী এখন তার সুফল পাচ্ছে।
জেলা জাপা আহ্বায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভুইয়া প্রমুখ।
সম্মেলনে মোশাররফ হোসেনকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে জেলা কমিটি গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24