কামরান রেজা চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ রক্ষায় আরও জোরালো আগাম প্রস্তুতি হিসেবে সরকার যমুনায় বন্যার বিপদসীমা নীচে নামিয়েছে।
কর্মকর্তারা জানান, পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ বরাবর যমুনার সবচেয়ে বিপজ্জনক তিনটি পয়েন্টে বিপদসীমা কমিয়েছে। এই তিনটি পয়েন্ট হলো- সিরাজগঞ্জ, কাজিপুর ও মথুরাপাড়া।
তারা আশংকা করছেন, এই তিনটি পয়েন্টের কোনো একটি ক্ষতিগ্রস্ত হলে কয়েক ঘন্টার মধ্যেই পার্শ্ববর্তী সিরাজগঞ্জ শহর এবং বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়ক পানির তোড়ে ভেসে যাবে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সেলিম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার বিপদসীমা ১৩ দশমিক ৭৫ মিটার থেকে কমিয়ে ১৩ দশমিক ৩৫ মিটার করা হয়েছে। কাজিপুর পয়েন্টে বিপদসীমা ১৫ দশমিক ২৪ মিটার থেকে কমিয়ে ১৪ দশমিক ৮৫ মিটারে নামিয়ে আনা হয়েছে। আর মথুরাপাড়া পয়েন্টে বিপদসীমা ১৬ দশমিক ৭৭ মিটার থেকে কমিয়ে ১৬ দশমিক ৭ মিটারে নামিয়ে আনা হয়।
তিনি বলেন, " ভয়াবহ বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে আমরা সিরাজগঞ্জ জেলায় যমুনার সবচেয়ে বিপজ্জনক তিনটি পয়েন্টে বিপদসীমা কমিয়েছি। পানি উন্নয়ন বোর্ড এই প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন করেছে।"
যমুনার ওপর দেশের সর্ববৃহৎ (৪দশমিক ৮ কি.মি.) এই সেতু নির্মাণের পর এর সংযোগ সড়ক এবং সিরাজগঞ্জ শহরকে রক্ষার জন্য বাঁধটি নির্মিত হয়।
পনি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এবছরের ১০ ও ১৭ জুলাই সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে কয়েকটি গর্তের সৃষ্টি হয়। একটি গর্ত ছিল ৩ মিটার চওড়া এবং এর ফলে সিরাজগঞ্জ শহর ও সেতুর সংযোগ সড়ক পানিতে তলিয়ে যেতে পারতো।
বঙ্গবন্ধু সেতু নির্মিত হওয়ায় রাজধানীর সঙ্গে কৃষি সমৃদ্ধ উত্তরাঞ্চলীয় ১৬ টি জেলার সংযোগ স্থাপিত হয়েছে।
এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বোর্ড একটি তদন্ত কমিটি গঠন করে। প্রকৌশলী সেলিম ভূঁইয়ার নেতৃত্বাধীন ওই তদন্ত কমিটি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিপদসীমা কমানোর সুপারিশ করে।
অপর সুপারিনটেনডেন্ট প্রকৌশলী শওকত আলী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্ভাব্য বন্যা সম্পর্কে জনগণকে সতর্ক করার জন্যই বিপদসীমা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এর ফলে বোর্ড কর্মকর্তারা বন্যার ব্যাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করবেন।
"এখন নদীর পানি আগের ১৩ দশমিক ৭৫ মিটারের পরিবর্তে ১৩ দশমিক ৫৫ মিটার উচ্চতায় (সিরাজগঞ্জে) পৌঁছলেই প্রকৌশলীরা আরও ভালো প্রস্তুতি নিতে পারবেন।"
প্রকৌশলী সেলিম ভূঁইয়া আরও বলেন, বিপদসীমা নীচে নামিয়ে আনায় বন্যার আগেই লোকজন নিরাপদ স্থানে সরে যেতে পারবে।
২০০৭-০৮ সালে যমুনার পানির ঢলে সিরাজগঞ্জে কয়েক দফা বন্যা দেখা দেয়।
এতে উঠতি ফসল ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২১৪০ ঘ.
bdnews24