গাইবান্ধা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের গেন্ডা এলাকা থেকে অপহরণ করা রাহিম (৪) নামের একটি শিশুকে গাইবান্ধা থেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে রাহিমকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে গ্রামবাসী।
রাহিম সাভারের গেন্ডা এলাকার ই/৬২ নম্বর বাসার আহম্মেদ আলীর ছেলে। তাকে রোববার অপহরণ করে গাইবান্ধায় নিয়ে আসা হয় বলে পুলিশ জানিয়েছে।
অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আব্দুল গণি নামের একজনকে গ্রেপ্তার করেছে।
পলাশবাড়ী থানার ওসি'র দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ভেলাকোপা গ্রামের আব্দুল জলিল এবং হরিনাবাড়ী গ্রামের আব্দুল গণি মিয়া রোববার সাভারের গেন্ডা এলাকা থেকে রাহিম নামের এই শিশুটিকে নিয়ে এসে হরিনাথপুর গ্রামের বাবলু মিয়ার বাড়িতে রাখেন। বাবুল মিয়া হলেন জলিলের শ্বশুর।
তিনি জানান, সোমবার রাতে আব্দুল গণি ও অজ্ঞাতনামা এক মহিলা রাহিমকে অন্য জায়গায় সরিয়ে নেওয়র সময় সে কান্নাকাটি শুরু করে। গ্রামবাসী ঘটনা জানতে চাইলে তারা শিশুটিকে ফেলে রেখে পালিয়ে যায়। গ্রামের লোকজন পরে শিশুটিকে পলাশবাড়ী থানার হরিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সোপর্দ করে।
এসআই হাই জানান, পুলিশ পরে আব্দুল গণিকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৭ ঘ.
bdnews24