দিনাজপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবনির্মিত ২৫০ শয্যার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অবিলম্বে চালুর দাবিতে মঙ্গলবার শিক্ষার্থীরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করে।
কোন পূর্ব ঘোষণা ছাড়াই সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অবরোধের সময় মহাসড়কের দু'পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
এক পর্যায়ে পুলিশ এবং মেডিকেল কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। কিন্তু শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি চালিয়ে যায়। কলেজের অধ্যক্ষ ডা. হামিদুল হক খন্দকার দীর্ঘক্ষণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পর বেলা ১১টায় শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর দুপুর ১টা পর্যন্ত ছাত্রদের সঙ্গে শিক্ষকরা বৈঠক করেন।
ডা. হামিদুল হক খন্দকার সাংবাদিকদের জানান, কোন আগাম ঘোষণা ছাড়াই শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে জনদুর্ভোগ সৃষ্টির জন্য ছাত্ররা দুঃখ প্রকাশ করেছেন।
তিনি বলেন, হাসপাতাল চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির ৫০ ভাগ সম্পন্ন হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী দেশের বাইরে আছেন। ফেরার পর তার হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী হাসপাতাল উদ্বোধনের কর্মসূচি দিবেন বলে আশা করা যাচ্ছে।
মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক শাহ্ আব্দুল আহাদ এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় জনবল নিয়োগের ব্যাপারে সংস্থাপন মন্ত্রণালয় শিগগিরই সিদ্ধান্ত দেবে। নভেম্বর মাসের মধ্যেই হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮৪২ ঘ.
bdnews24