ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে সোমবার গলায় শাড়ি পেঁচিয়ে এক নারী আত্মহত্যার চেষ্টা চালায় বলে পুলিশ দাবি করেছে।
গুরুতর আহত কুলসুম আক্তার (২৫) বর্তমানে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তাকে একটি মাদক মামলায় তেজগাঁও থানা এলাকা থেকে আটক করা হয়।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুলসুম নামে ওই তরুণীকে সোমবার দুপুর তিনটার দিকে মগবাজার এলাকা থেকে ৬০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়।"
মাহবুব আলম বলেন, "বিকেল সোয়া পাঁচটার দিকে কুলসুম ডিবি অফিসের বাথরুমে ঢুকে দরজা আটকে দেয়। কিন্তু বাথরুমের বাইরে মহিলা পুলিশ পাহারায় থাকে বলে মহিলা আসামিদের দরজা বন্ধ করার নিয়ম নেই। কতর্ব্যরত মহিলা পুলিশ কনস্টেবল কয়েকবার ডেকেও কোন সাড়া না পাওয়ায় পরে ডিবির সোয়াট টিম দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টারত অবস্থায় কুলসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত।"
স্বামীর ওপর ক্ষোভের কারণে কুলসুম আত্মহত্যার চেষ্টা করেন দাবি করে পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, "কুলসুমের স্বামী মফিজুল নিজেও মাদক ব্যবসায়ী। তার কারণেই আজ এ রকম ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে কুলসুম পুলিশের কাছে অভিযোগ করেছে। এই ক্ষোভে-দুঃখে সে আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসএইচ/০০২৫ ঘ.
bdnews24