২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার রাতেও নেভে নি গুদামের ভেতরের আগুন

সোমবার রাতে দেড় দিন পার হতে চললেও তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামের ভেতরে আগুন নেভে নি। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন করে জ্বলছে শিখাবিহীন আগুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 04:58 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সোমবার রাতে দেড় দিন পার হতে চললেও তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামের ভেতরে আগুন নেভে নি। ধোঁয়ায় চারদিক আচ্ছন্ন করে জ্বলছে শিখাবিহীন আগুন। সেখানকার আগুন নেভাতে গিয়ে হতাশা নেমে এসেছে দমকলকর্মীদের মধ্যে। ক্লান্তিতে ভেঙে পড়ছেন দমকল বাহিনীর কর্মকর্তারাও। গুদাম থেকে কাগজের স্তূপ সরানোর কাজও চলছে খুব ধীরগতিতে। কখন শেষ হবে তাও অনিশ্চিত। কাগজের স্তূপ সরানোর কাজের গতি দেখে অনেক দমকল কর্মীই হতাশা প্রকাশ করেছেন। তবে তারা বলছে, আগুন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। রোববার সকালে এ আগুন লাগে। সোমবার সন্ধ্যায় দমকল বিভাগের পরিচালক (অপারেশন্স) মেজর শেখ মো. শাহজালাল সাংবাদিকদের বলেন, "পানি দেওয়ার ফলে কাগজ আরও ফুলে উঠেছে। ফলে মেঝে থেকে ছাদ পর্যন্ত স্তূপ করে রাখা কাগজগুলো আরও আষ্টেপৃষ্টে আটকে গেছে। সহজে বের করা যাচ্ছে না।" তিনি জানান, গুদামের উত্তর-পূর্ব অংশে আগুনের উৎসস্থলে এখনও পৌঁছানো সম্ভব হয়নি। কাগজ পুরোপুরি বের না করা পর্যন্ত আগুন নেভানো সম্ভব হবে না। আগুন কখন নিভতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটা আমরা নিশ্চিত করে বলতে পারবো না। গুদামের আগুন দীর্ঘ সময় ধরে জ্বলে- এ রকম ঘটনা অতীতেও ঘটেছে। পাটের গুদামের আগুন নেভাতে একটা একটা করে পাটের বেল খুলতে হয়। তাতে কয়েকদিনও সময় লাগে। এখানেও সব কাগজ বের করার পরই আগুন নিভেছে বলে বলা যাবে। তার আগে না।" টানা দেড়দিন কাজের পর ক্লান্ত হয়ে পড়েছেন শেখ মো. শাহজালালও। উপ-পরিচালক পর্যায়ের এ রকম অনেক কর্মকর্তাই টানা কাজ করে যাচ্ছেন। রোববার গভীর রাতে গুদামের ভেতরের আগুন নেভাতে নেওয়া হয় এক্সক্যাভেটর। তা দিয়ে ভবনের পেছন দিকের দেওয়াল ভেঙে চেষ্টা চলছিলো কাগজ সরানোর। সোমবার সকালে সেখানে ঢাকা সিটি করপোরেশনের একটি পে লোডার (বুলডোজার জাতীয় যন্ত্র) নেওয়া হয়। সকাল থেকেই কমলাপুর কন্টেইনার ডিপোর একটি ও সেনাবাহিনীর একটি করে ফর্ক লিফটার ভবনের সামনে দিয়ে পানিতে ভেজা ও অক্ষত কাগজ সরানোর কাজ করছিল। সেই সঙ্গে অন্তত দুশ' শ্রমিকও কাগজ সরানোর কাজ করছিল। সোমবার সন্ধ্যায় একজন দমকল কর্মী জানান, ১২ ফুট উচ্চতার কক্ষটির একটি অংশের ওপরের ৮ ফুট কাগজ সরানো হয়েছে। নিচে আরও ৪ ফুট কাগজ রয়ে গেছে। ৩৭ মিটার দীর্ঘ, ২৪ মিটার প্রস্থ ও সাড়ে ১২ ফুট উচ্চতার একটি কক্ষে মূলত আগুন লেগেছে। দোতালা ওই ভবনটি পাকিস্তান আমলে তৈরি করা হয়। সোমবার সন্ধ্যায় শেখ মো. শাহজালাল আরও জানান, তখন ৫০ জন দমকলকর্মী কাজ করছিল। এদিকে আগুন নিয়ন্ত্রণে থাকলেও তাপ নিয়ন্ত্রন নিয়ে শঙ্কায় রয়েছেন দমকল কর্মকর্তা ও সংশ্লিষ্টরা। গুদামের দোতালায় ফায়ার ইজেক্টর (ধোঁয়া বের করার যন্ত্র) বসিয়ে ঠাণ্ডা রাখার কাজ চলছে। নিচতলার আগুনের প্রচণ্ড তাপে দোতালাতেও আগুনের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা দমকল কর্মকর্তাদের। এছাড়া প্রচণ্ড তাপের কারণে ভবনটির ক্ষতি হওয়ার আশঙ্কাও করা হচ্ছে। শিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সোমবার সকালে তীব্র তাপ থেকে ভবনের ক্ষতি হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। রোববার সকাল থেকে চলা ভয়াবহ এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, আগামী বছরের বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম ব্যাহত হবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএইচ/২২৪৭ ঘ.