চট্টগ্রাম, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার দুপুরে চট্টগ্রাম কারাগারের এক হাজতি মারা গেছেন। আকস্মিকভাবে অসুস্থ হয়ে তার মৃত্যু হয় বলে কর্তৃপক্ষের ভাষ্য।
মৃত সুলতান আহমেদের (৩৮) বিরুদ্ধে পটিয়া ও লোহাগাড়া থানায় দুটি অস্ত্র ও একটি ডাকাতি মামলা রয়েছে।
২০০৬ সালের অক্টোবরে পটিয়ায় ডাকাতির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুস্তাফিজুর রহমান জানান, সোমবার সকালে সুলতানকে হাজিরা দেওয়ার জন্য চট্টগ্রাম আদালত ভবনে নিয়ে যাওয়া হয়। দুপুর বারোটার দিকে কোর্ট হাজতে বুকে ব্যথা অনুভব করলে তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়।
জেল সুপার বলেন, কারাগার হাসপাতালে সুলতানের অবস্থার অবনতি হলে বেলা তিনটার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২০৪৩ঘ.
bdnews24