২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১০ ঘণ্টা পর ধর্মঘট প্রত্যাহার, বিআরটিসির বাস ভাঙচুর

দক্ষিণাঞ্চলের আট জেলায় ডাকা বাস ধর্মঘট প্রায় ১০ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল থেকে জেলাগুলোর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস ধর্মঘট শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলের আট জেলায় ডাকা বাস ধর্মঘট প্রায় ১০ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। সোমবার সকাল থেকে জেলাগুলোর অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস ধর্মঘট শুরু হয়। মালিক-শ্রমিকদের বিরুদ্ধে বিআরটিসি কর্তৃপক্ষের করা মামলা প্রত্যাহারসহ চার দফা দাবিতে খুলনা-বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট ডাকে। সকাল ৬টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ধর্মঘট চলাকালে এবং ধর্মঘট প্রত্যাহারের পর ঝালকাঠিতে দুটি এবং বাগেরহাটে দুটি বিআরটিসির বাস ভাঙচুর হয়। ধর্মঘট চলাকালে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অন্তত ছয়জন বিআরটিসি বাস চালক ও সুপারভাইজারকে মারধরসহ টাকা ও মোবাইল ফোন লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মালিক-শ্রমিকদের বিরুদ্ধে করা বিআরটিসির মামলা প্রত্যাহারসহ চার দফা দাবি পূরণের আশ্বাস পেয়ে ঐক্য পরিষদ বিকেল সাড়ে চারটার দিকে ধর্মঘট প্রত্যাহার করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঐক্য পরিষদের সদস্য বরিশাল-পটুয়াখালী বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান শাহীন। তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়ে গেছে। বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি শেখ নজরুল ইসলামও জানিয়েছেন তার জেলায় বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তিনি বলেন, "বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বরিশালের ছয় জেলায় ধর্মটঘট প্রত্যাহার করা হয়েছে। সে অনুযায়ী আমরাও ধর্মঘট প্রত্যাহার করেছি।" বিকেল সাড়ে ৪টার পর বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয় বলেও নজরুল ইসলাম জানান। যেসব জেলায় ধর্মঘট ডাকা হয়েছিল সেগুলো হল- বাগেরহাট, খুলনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, পটুয়াখালী ও বরগুনা। বিআরটিসি বরিশাল ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম ও খুলনা ডিপোর ব্যবস্থাপক নীহার রঞ্জন মজুমদার দাবি করেন, তাদের অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আট জেলার বেসরকারি বাস মালিক ও শ্রমিকদের চারদফা দাবি গুলো হলো- বিআরটিসি'র দায়ের করা মামলা প্রত্যাহার, চুক্তি মোতাবেক দক্ষিণাঞ্চলের রুট গুলোতে বিআরটিসির বাস চলাচল, মহাসড়কে নসিমন-করিমন এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ। ৫ অক্টোবর পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা, খুলনা এবং বাগেরহাট জেলার ১০টি মালিক সমিতির নেতারা সভা করে দাবি মানার জন্য ১৮ অক্টোবর পর্যন্ত প্রশাসনকে সময় বেঁধে দেয়। এর মধ্যে দাবি না মানলে পরদিন সকাল থেকে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। বরিশাল বিআরটিসি বাস ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, সকাল ১১টায় ধর্মঘটের আওতাধীন বরিশালের ছয় জেলার প্রশাসক, বাস-মিনিবাস মালিক সমিতির শীর্ষস্থানীয় নেতা এবং শ্রমিক ইউনিয়নের নেতারা বরিশাল বিভাগীয় কমিশনার সন্তোষ রঞ্জন তালুকদারের কার্যালয়ে বৈঠকে বসেন। বিকেল চারটায় বৈঠক শেষ হয়। বৈঠকে গত ৯ জুলাই যোগাযোগ মন্ত্রণালয়ে দক্ষিণাঞ্চলের আট জেলার বেসরকারি বাস মালিক প্রতিনিধিদের সঙ্গে সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যাপারে সমঝোতা হয়েছে বলে তিনি জানান। রহিম জানান, বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই মাসের মাসের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতি জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে কমিটি হবে। কমিটিতে সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট, বিআরটিএ, বিআরটিসি ও বাস মালিক সমিতির প্রতিনিধি থাকবে। তিনি আরও জানান, বাস মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে বিআরটিসির করা মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। বলা হয়েছে কমিটি আলোচনা করে পরবর্তীতে মামলাগুলো প্রত্যাহার করবে। জুলাই মাসে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলায় বেসরকারি বাস মালিকদের লোকজন বিআরটিসির বাস ভাঙচুর ও চালককে মারধর করে। এ ঘটনায় বিআরটিসি'র স্থানীয় কর্তৃপক্ষ কয়েকজন বাস মালিক ও শ্রমিককে আসামি করে বাগেরহাটে দুটি এবং ঝালকাঠিতে একটি মামলা করে। এ ঘটনায় তখন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ ছয় জেলায় পরিবহন ধর্মঘট করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিদের পাঠানো খবর: ঝালকাঠি: বরিশালের নথুল