বান্দরবান, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুপ্রবেশের অভিযোগে বান্দরবানের তিন উপজেলায় অভিযান চালিয়ে রোববার রাতে মিয়ানমারের আরও ২৮ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা সেদেশের রোহিঙ্গা মুসলমান বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এর মধ্যে রোয়াংছড়ি উপজেলা থেকে ১৫, লামা উপজেলা থেকে পাঁচ ও আলীকদম উপজেলা থেকে আটজনকে গ্রেপ্তার করা হয়। এদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
এর আগে বিভিন্ন সময় জেলার নাইক্ষ্যংছড়িসহ বিভিন্ন এলাকায় থেকে মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আটক করে সে দেশে ফেরত পাঠানো হয়।
রোয়াংছড়ি থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাত ৯টার দিকে রোয়াংছড়ি বাজারে সন্দেহহজনক ভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ ১৫ ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন তারা মিয়ানমারের নাগরিক।
এরা হলেন- নুরুল ইসলাম (৩১), একরাম (২৯), আবুল হাসেম (৩৭), আবুল কালাম (৩০), নুরুল বশর (১৮), মো. ইউনুছ (১৪), জিয়াউর রহমান (২৫), নুরুল আফছার (২৬), মো. ফখরুল (১৮), মো. সেলিম (২৫), মো. করিম (২৫), নুর মোহাম্মদ (১২), নুর আলম (২০), মো. করিম (১৮) এবং আমির হামজা (২৫)।
ওসি মহিউদ্দিন জানান, তারা মিয়ানমার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তাদের আত্মীয়-স্বজন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে আছে। কাজের সন্ধানে তারা রোয়াংছড়ি এসেছে।
লামা থানার ওসি মোহাম্মদ হোসেন জানান, রোববার বিকেল ৬টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- নজির আহাম্মদ (৩৮), গফুর (২২), আবুল বশর (৫০), সৈয়দ আহম্মদ (৪৫) ও সৈয়দ বশর (২৫)।
আলীকদম থানার ওসি নিয়াজ মোহাম্মদ জানান, উপজেলার আমতলী এলাকা থেকে রাত আটটার দিকে আট রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- মো. ইউনুছ (৩০), ছগির আহাম্মদ (২৫), মোস্তাক আহামদ (১৩), খালেদ হোসেন (১৮), সৈয়দ মো. ইউনুছ (২০), সমেদা (১৯), আয়েশা (২২০ এবং নুর মোহাম্মদ (১৮)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৮ ঘ.
bdnews24