২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটিবি গুদামে অগ্নিকাণ্ড তদন্তে কমিটি গঠন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তেজগাঁও গুদামে আগুন লাগার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) তেজগাঁও গুদামে আগুন লাগার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অর্থ ও প্রশাসন) রাজিয়া বেগমের নেতৃত্বে এ কমিটি আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও এর দায়-দায়িত্ব নিরূপণ করবে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এ টি এম মহিউদ্দিন আহমেদ, এনসিটিবি'র সদস্য (অর্থ), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব পর্যায়ের একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক পর্যায়ের একজন প্রতিনিধি এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব (অধিশাখা-১০)। কমিটিকে সরকারের কাছে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং আগামী ১৫ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে বলে রোববার সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে। তেজগাঁওয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) গুদামে রোববার সকালে আগুন লেগে ঘন্টার পর ঘন্টা ধরে জ্বলতে থাকে। এটি দেশে পাঠ্যপুস্তক ও বই ছাপানোর কাগজ রাখার প্রধান গুদাম। গাজীপুরের টঙ্গীতে এনসিটিবির আরেকটি গুদাম রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এসএম/এএল/এসকে/২২১০ঘ.