কক্সবাজার, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারের বিভিন্ন উপজেলায় নতুন তালিকাভুক্ত ভোটারের মধ্যে অন্তত ৩০ শতাংশ রোহিঙ্গা রয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
এই কারণে জেলার চারটি উপজেলার হালনাগাদ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নতুন ভোটারদের পরিচয় পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
রোববার সন্ধ্যায় কক্সবাজার সার্কিট হাউসে হালনাগাদ ভোটার তালিকা পুন:যাচাই কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।
এর আগে তিনি কক্সবাজার জেলার রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন ।
সাখাওয়াত বলেন, "সাধারণত হালনাগাদ ভোটার তালিকায় ৩ থেকে ৪ শতাংশ ভোটার বাড়ার কথা। কিন্তু একটি উপজেলায় ১০ শতাংশ ভোটার কিভাবে বৃদ্ধি পায় তাই এখন রহস্য। এটা দেখে সন্দেহ হচ্ছে ভোটার তালিকায় মিয়ানমার থেকে অনুপ্রবেশকারী রোহিঙ্গারা অন্তর্ভুক্ত হয়েছে।"
তিনি বলেন, "উখিয়া উপজেলায় সরকারদলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদির দুই শ্যালক রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রভাব বিস্তার করেছেন বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে।
"এছাড়াও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আদিল চৌধুরীসহ সরকারদলীয় অনেক নেতা-কর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা এই ঘটনায় জড়িত রয়েছেন।"
সাখাওয়াত বলেন, "যারাই এই কাজে জড়িত থাক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কর্মকর্তাদের নির্দেশও দেওয়া হয়েছে বলে তিনি জানান।
হালনাগাদ ভোটারদের পরিচয় পুনরায় যাচাইয়ের সময় কেউ প্রভাব খাটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোন সরকারি কর্মকর্তা জেনেও প্রভাব বিস্তারকারিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সাখাওয়াত জানান।
ডিসেম্বরের মধ্যে কক্সবাজার সদর, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলায় হালনাগাদ তালিকাভুক্ত নতুন ভোটারদের পরিচয় পুন:যাচাইয়ের কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাখাওয়াত বলেন, "আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার চিন্তা ভাবনা করছে নির্বাচন কমিশন। একই সময়ে পৌরসভা নির্বাচন করারও চিন্তা ভাবনা রয়েছে।"
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলাম জানান, কক্সবাজার জেলায় এবার হালনাগাদ ভোটার তালিকায় মোট ৭৭ হাজার ২৫৪ জন অন্তর্ভুক্ত হয়েছেন। আগের তালিকায় জেলায় ১০ লাখ ৬৯ হাজার ৩৩৯ জন ভোটার ছিলেন।
তিনি জানান, যে সব উপজেলার ভোটাদের পরিচয় পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে সদর উপজেলায় ৭ দশমিক ৬৬ শতাংশ (১৫,৫১৩ জন), রামু উপজেলায় ৮ দশমিক ৮৬ শতাংশ (১০,৭৭১ জন), উখিয়া উপজেলায় ৯ দশমিক ৯২ শতাংশ (৯,৫০৯ জন) ও টেকনাফ উপজেলায় ৭ দশমিক শূন্য ৩ শতাংশ (৭,৮৭৯ জন) ভোটার বেড়েছে।
আমিরুল ইসলাম বলেন, চকরিয়া ও পেকুয়া উপজেলায়ও ভোটার বাড়ার হার দেখে রোহিঙ্গাদের তালিকাভুক্ত হওয়ার বিষয়ে তাদের সন্দেহ হয়েছে। তবে এই দুটি উপজেলায় ভোটারদের পরিচায় পুনরায় যাচাইয়ের সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি বলে তিনি জানান।
তিনি জানান, চকরিয়া উপজেলায় ৬ দশমিক ১৮ শতাংশ (১৪,০৬০ জন) ও পেকুয়া উপজেলায় ৫ দশমিক ৬৪ শতাংশ (৪,৭৭৭ জন ) ভোটার বেড়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, হালনাগাদ ভোটার তালিকা পুন:যাচাই করার জন্য উপজেলা পর্যায়ে 'রিভিউ কমিটি' গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাচন কর্মকর্তা কমিটির সদস্য সচিব থাকবেন। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিকে এই কমিটিতে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.
bdnews24