ঠাকুরগাঁও, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাপাসার সীমান্তে রোববার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত বদিরউদ্দীন (৪০) গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছে। তিনি রানীশংকৈল উপজেলার কলিগাঁও গ্রামের আইনুল হকের ছেলে।
বিডিআর চাপাসার সীমান্ত ফাঁড়ির হাবিলদার রুস্তম আলী জানান, ভোররাত চারটার দিকে বদিরউদ্দিন হরিপুর উপজেলার বালিহারা সীমান্তের ৩৪৯(৬) নম্বর পিলার সংলগ্ন ভারতীয় ভূ-খণ্ডে গরু আনতে গেলে সেদেশের কয়লাডাঙ্গী ক্যাম্পের বিএসএফ জওয়ানরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছুড়ে।
এতে ঘটনাস্থলেই বদিরউদ্দিনের মৃত্যু হয়। বিএসএফ তার লাশ নিয়ে গেছে।
হাবিলদার রুস্তম আলী জানান, ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং লাশ ফেরত চেয়ে বিডিআর সকালেই বিএসএফকে চিঠি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24