ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিত্রনায়ক আসলাম তালুকদার মান্নার মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের ছয় চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
রোববার দুপুরে ঢাকার এক নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. ফিরোজ আলম অভিযোগ গঠন করেন। মান্নার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের অবহেলায় এ মৃত্যু হয়েছে।
আদালত অভিযোগ গঠনের পর আগামী ১ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছে।
আদালতে হাজির হয়ে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করেন।
অভিযুক্তরা হলেন- মো. এনায়েত হোসেন শেখ, মোমেনুজ্জামান, খন্দকার মাহবুব সোহাইল, ফাতেমা, মইনুল ইসলাম ও জহিরউদ্দিন মাহমুদ।
অভিযোগ গঠনের পর ফাতেমা ও মোমেনুজ্জামানের আইনজীবীরা আদালতকে জানান, পেশাগত ব্যস্ততার কারণে এ দুই অভিযুক্তের পক্ষে আদালতে হাজির হয়ে বিচারের মুখোমুখি হওয়া সম্ভব না।
দুই অভিযুক্তের পক্ষে তাদের আইনজীবীরা আদালতে হাজিরা দেওয়ার অনুমতি চাইলে বিচারক জানান, মামলার নথিপত্র দেখে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
এর আগে গত ১১ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়।
গত বছরের ১৭ ফেব্র"য়ারি ভোর ৪টায় চিত্রনায়ক মান্না হৃদপিণ্ডে ব্যাথা অনুভব করলে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নিজেই ভর্তি হন। পরে তিনি মারা যান।
মান্নাকে সঠিক সময়ে চিকিৎসা না দেওয়ায় তিনি মারা গেছেন-এই অভিযোগ এনে মান্নার স্ত্রীর বড় ভাই রেজা জাবেদ ওই ছয় চিকিৎসকের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন।
মামলাটির বিচার বিভাগীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ছয় চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে তারা উচ্চ আদালত থেকে জামিন নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এমআই/১৩২৮ ঘ.
bdnews24