২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে যুব সংহতি নেতাসহ নয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির জেলা শাখার সাধারণ সম্পাদকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে পৌরসভা কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

রংপুর, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজির অভিযোগে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির অঙ্গ সংগঠন যুব সংহতির জেলা শাখার সাধারণ সম্পাদকসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শুক্রবার রাতে রংপুর কোতয়ালি থানায় মামলাটি করেন পৌরসভার সচিব মশিউর রহমান। আসামিরা হলেন- জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম, রেজাউল করিম মিল্টন, রাসেল মিয়া, রফিকুল ইসলাম, চিকা বাবু, রঞ্জু মিয়া, ফারুখ, আলমগীর ও লেবু। কোতয়ালি থানার ওসি দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক (এসআই) নুর আলম মামলা (নম্বর-৫৭) করার বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আসামিদের গ্রেপ্তার করা হবে।" তিনি জানান, মামলায় অভিযোগ করা হয়েছে চাঁদা না দেওয়ায় বুধবার রংপুরে কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌরসভা কমিটির টোল আদায় বন্ধ করে দেয় আসামিরা। তারা টোল আদায়কারীদের মারধর করে এবং প্রাননাশের হুমকি দিয়ে টোলের টাকা ছিনিয়ে নেয়। টোল আদায় কমিটির আহ্বায়ক রংপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর কায়সার রশীদ খান অভিযোগ করেন, "পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং টোল আদায়কারীদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।" মামলার প্রধান আসামি জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক হাসানুজ্জামান নাজিম দাবি করেন, "রংপুর জেলা মটর মালিক সমিতি ও পৌরসভার মধ্যে দ্বন্দ্বের কারণে টোল আদায় বন্ধের ঘটনা ঘটেছে। ব্যক্তিগত আক্রোশ থেকে আমাকে মামলায় জড়ানো হয়েছে। আমি মটর মালিক সমিতির একজন কর্মচারী মাত্র।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৮ ঘ.