২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় চলছে তিন দিনব্যাপী লালন স্মরণোৎসব

বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১১৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে লালন স্মরণোৎসব শুরু হয়েছে। চলবে রোববার পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2009, 07:50 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

কুষ্টিয়া, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাউল সম্রাট ফকির লালন শাহ'র ১১৯তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার থেকে কুষ্টিয়ার ছেঁউড়িয়া গ্রামে লালন স্মরণোৎসব শুরু হয়েছে। চলবে রোববার পর্যন্ত। লালন একাডেমির আয়োজনে তিন দিনের উৎসবে লালন স্মৃতিচারণ, লালন মেলা ও সঙ্গীতানুষ্ঠান রয়েছে বলে কর্তৃপক্ষ জানায়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী কেন্দ্রীয় আ. লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ। লালন একাডেমির সভাপতি কুষ্টিয়ার জেলা প্রশাসক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শাহিনুর রহমান। বক্তব্য রাখেন পুলিশ সুপারিনটেনডেন্ট শাহাবুদ্দিন খান, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক আজগার আলী, লালন একাডেমির সহ-সভাপতি আবদুর রশীদ চৌধুরী, মোবাইল অপারেটর বাংলালিংক'র কর্মকর্তা শরফুদ্দিন আহমেদ চৌধুরী প্রমুখ। রাত ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুষ্টিয়া প্রতিনিধি জানান, রাত সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। এরপর সারারাতের জন্য বসে লালন শিল্পীদের পরিবেশনায় গানের আসর। দেশী-বিদেশী পর্যটক, লালন অনুসারী বাউল ফকির, ভক্ত ও দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে লালনের আখড়া বাড়ি (মাজার প্রাঙ্গণ)। আখড়া বাড়ির পাশে বসেছে তিনদিনের লালন মেলা। লালন মেলা মাজার প্রাঙ্গণ ছাড়িয়ে এসে পৌঁছেছে কুষ্টিয়া শহর পর্যন্ত। লালন একাডেমির সাধারণ সম্পাদক মো. তাইজাল আলী খান জানান, উৎসবে তিনদিন ধরে চলবে লালনের গান ও আলোচনা অনুষ্ঠান। লালন একাডেমিসহ বিভিন্ন স্থান থেকে আসা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। উৎসব উপলক্ষে র‌্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৫ ঘ.