ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অসংখ্য অসঙ্গতি ও ভুলে ভরা' প্রস্তাবিত শিক্ষানীতিকে পরিমার্জন ও সংশোধন করে তা দ্রুত বাস্তবায়নের তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা।
পাশাপাশি বর্তমান কমিটি প্রণীত শিক্ষানীতির চূড়ান্ত খসড়ার তীব্র সমালোচনা করে এর বাস্তবায়ন নিয়েও সংশয় প্রকাশ করেন তারা।
বৃহস্পতিবার বিকেলে পল্টনের মৈত্রী ভবনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষা সাব কমিটি আয়োজিত 'জাতীয় শিক্ষানীতি : ২০০৯' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহিদ হাসান চৌধুরী।
বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষানীতি প্রণয়নের কথা বলা হলেও এটি বৈষম্য দূর করার পরিবর্তে চলমান বৈষম্য আরও বাড়াবে। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে চরম নৈরাজ্য সৃষ্টি করবে।
তিনি এই শিক্ষানীতিকে চূড়ান্ত না বলে খণ্ডিত খসড়া হিসেবে অভিহিত করে বলেন, "ভুলেভরা এ শিক্ষানীতি বাস্তবায়ন উপযোগী নয়।"
তাড়াহুড়ো করে অসংঙ্গতিপূর্ণ শিক্ষানীতি বাস্তবায়নেরও বিরোধীতা করেন আনোয়ার হোসেন।
বাংলাদেশ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. ম আক্তারুজ্জামান বলেন, প্রগতিশীল শিক্ষক সমাজ আধুনিক, বিজ্ঞান সম্মত ও বিশ্বমানের শিক্ষানীতির দাবি জানালেও কোনো সরকার তা বাস্তবায়নে আগ্রহ দেখায়নি।
শিক্ষানীতি প্রণয়নের নামে সময়ক্ষেপন না করে শিগগির এর বাস্তবায়ন শুরুর তাগিদ দিয়ে তিনি আরো বলেন, "বাস্তবায়ন শুরুর পর প্রয়োজনে এর পরিমার্জন ও সংশোধন করা যেতে পারে। যদি এখনই এটি কার্যকর করার উদ্যোগ নেওয়া না হয়- তাহলে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী এ সুযোগে তা ভন্ডুলের চেষ্টা চালাবে।"
অধ্যাপক রঙ্গলাল সেন বলেন, সরকারের অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবাদর্শ স্পষ্ট না হওয়ার কারণেই গোঁজামিলে ভরপুর এই শিক্ষানীতি। এর খসড়ায় ব্যাপক স্ববিরোধিতা রয়েছে। বৈষম্য বজায় রেখে সর্বজনীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়।
কৃষি বিশ্ববিদ্যালয়েরে শিক্ষক অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, এটি শিক্ষানীতি না কর্মসূচি তা স্পষ্ট নয়।
লিখিত প্রবন্ধে জাহিদ হোসেন শিক্ষানীতির বিস্তারিত বিশ্লেষণ করে এর অসংঙ্গতি তুলে ধরে স্ববিরোধিতা দূর করার আহবান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আশরাফুজ্জামান সেলিম, শিক্ষাবার্তা সম্পাদক অধ্যাপক এএন রাশেদা, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক আতিয়ার রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাবেরী গায়েন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এএল/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24