২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেল-গ্যাস রক্ষা কমিটির প্রস্তাবের সঙ্গে দ্বিমত সংসদীয় কমিটির

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে জ্বালানি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2009, 05:24 PM

Updated : 26 Aug 2022, 12:12 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ করেছে জ্বালানি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার তেল-গ্যাস রক্ষা কমিটির সঙ্গে বৈঠকের পর স্থায়ী কমিটির পক্ষে কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, "তেল-গ্যাস রক্ষা কমিটির বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেনি স্থায়ী কমিটি। পরবর্তী সময়ে তাদের নেতাদের সঙ্গে আবারও আলোচনায় বসবে স্থায়ী কমিটি।" এ সময় জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ জানান, বৈঠকে 'মডেল পিএসসি- ২০০৮' বাতিল এবং সাগরের তেল-গ্যাস অনুসন্ধানে ইজারা দিতে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানিয়েছে কমিটি। সম্পদ বণ্টন চুক্তি-২০০৮ (মডেল পিএসসি-২০০৮) অন্যান্য আরও ১০টি দেশের স্বাক্ষরিত হওয়া সম্পদ বণ্টন চুক্তির আলোকে প্রণীত। আনু মুহাম্মদ জানান, কমিটির পক্ষ থেকে সরকারের প্রতিনিধি দলের কাছে 'প্রজাতন্ত্রের খনিজ সামগ্রী রপ্তানি নিষিদ্ধকরণ আইন-২০০৯' নামে একটি নমুনা আইন দেওয়া হয়েছে। এতে আগামী ৫০ বছরের মধ্যে গ্যাস রপ্তানি না করার বিধান করার প্রস্তাব করা হয়েছে। তবে তেল-গ্যাস রক্ষা কমিটি খসড়া আইন হিসেবে যা উপস্থাপন করেছে তা আদৌ কোনও আইনই হতে পারে না বলে মন্তব্য করেন সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মতিন খসরু। তিনি প্রশ্ন রাখেন, "আমরা যদি প্রথমেই বলি গ্যাস রপ্তানি করা যাবে না, তাহলে কী কোনও কোম্পানি আমাদের সঙ্গে চুক্তি করবে?" মতিন খসরু বলেন, "তেল-গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের মতো বিশাল অংকের অর্থ বাংলাদেশের নেই। তাই আমাদের আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি ও সম্পদ বণ্টন চুক্তির প্রয়োজন।" বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। এতে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির পক্ষে আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, বিচারপতি গোলাম রব্বানী, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ ও নূর মোহাম্মদ উপস্থিত ছিলেন। সরকার পক্ষে ছিলেন জ্বালানি মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, সদস্য সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, ফজলে নূর তাপস প্রমুখ। বৈঠকের পর জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের স্থায়ী কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া সাংবাদিকদের বলেন, "মডেল পিএসসি-২০০৮ এ গ্যাস রপ্তানির কোনও নির্দিষ্ট বিধান নেই।" মডেল পিএসসি বাতিলের প্রশ্নে তিনি বলেন, "কোনও আন্তর্জাতিক চুক্তি কী বাতিল করা যায়? এটা পরিমার্জন করা যেতে পারে।" কমিটির সভাপতি বলেন, "সম্পদ বণ্টন চুক্তি ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক তেল কোম্পানিগুলো প্রথমে পেট্রোবাংলার কাছে সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য প্রস্তাব রাখবে। পরে পেট্রোবাংলা যদি সেই গ্যাস না কিনে তবে তারা স্থানীয় বাজারে সেই গ্যাস বিক্রি করবে।" "স্থানীয় বাজার যদি সেই গ্যাস ভোগে (ক্রয়ে) ব্যর্থ হয়, তবে কোম্পানিগুলো তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) হিসেবে গ্যাস রপ্তানি করবে।" সুবিদ আলী ভুঁইয়ার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে মতিন খসরু বলেন, "আমাদের স্থানীয় বাজারেই গ্যাসের প্রচুর চাহিদা রয়েছে। তাই রপ্তানির প্রশ্নই উঠতে পারে না।" বৈঠকের পর তেল-গ্যাস রক্ষা কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিকদের বলেন, "আমরা যে কোনও মূল্যে খনিজ সম্পদ রপ্তানি প্রতিহত করবো।" তিনি বলেন, "সংসদীয় স্থায়ী কমিটি তেল-গ্যাস রক্ষা কমিটির সঙ্গে একমত হয়েছে, বাংলাদেশের গ্যাস রপ্তানির বাস্তবতা নেই।" তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, "মডেল পিএসসি- ২০০৮ এ যে গ্যাস রপ্তানির সুযোগ রয়েছে, তা আমরা সুনির্দিষ্ট করে দেখিয়েছি।" "এই সরকার যদি গ্যাস ও কয়লা রপ্তানি না করে, তবে ভবিষ্যতে আর কোনও সরকার খনিজ সম্পদ রপ্তানির সাহস করবে না। আমরা এই বণ্টন চুক্তি বাতিল করে নতুন করে দরপত্র আহ্বানের দাবি জানিয়েছি।" সংসদীয় স্থায়ী কমিটির অপর সদস্য ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, "সরকার যদি এখন কোম্পানিগুলোর সঙ্গে সম্পদ বণ্টন চুক্তি স্বাক্ষর করে, এরপরও গ্যাস পেতে পাঁচ বছর লেগে যাবে। আমরা যদি এখনই গ্যাস অনুসন্ধানের কাজে হাত না দিই, তবে ভারত-মিয়ানমার আমাদের তেল-গ্যাস নিয়ে যাবে।" গত ২৪ আগস্ট অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি কনোকো ফিলিপস ও তাল্লে