ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় বিজি প্রেসের সামনে বুধবার রাতে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন, পুলিশের উপ-পরিদর্শক মর্ম সিংহ ত্রিপুরা ও কনস্টেবল সত্যরঞ্জন পাল।
এক ব্যবসায়ীর কাছ থেকে ফোনে দাবি করা চাঁদার টাকা আনতে গিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে পালিয়ে যায়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক মোশাররফ হোসেন জানান, স্থানীয় সন্ত্রাসীরা আতাউর রহমান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দাবির অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ চাঁদাবাজদের ধরতে ফাঁদ পাতে।
তিনি জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী তেজগাঁও বিজি প্রেসের সামনে আসতে বলা হলে রাত দুইটার দিকে চার চাঁদাবাজ সেখানে যায়। তবে আসল আতাউরের পরিবর্তে অন্য একজনকে নির্ধারিত স্থানে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ সন্দেহে তারা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ওই দুইজন আহত হন। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়।
তার নাম জলিল। তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা মর্ম সিংহ জানান, সন্ত্রাসীরা ছিল চার জন। আর তিনিসহ সেখানে পাঁচ পুলিশ সদস্য আগে থেকেই ওৎ পেতে ছিলেন।
এ ঘটনায় অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে জলিলসহ তার সহযোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২২০৬ ঘ.
bdnews24