চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক জনকণ্ঠ ও আমার দেশ পত্রিকার চট্টগ্রাম অফিসে জানালার গ্রিল কেটে বুধবার মধ্যরাতে চুরি হয়েছে।
চোরদল নগরীর নুর আহমদ সড়কস্থ মান্নান ভবনের দ্বিতীয় তলায় পাশাপাশি অবস্থিত এ দু'টি পত্রিকা অফিসের ভেতরে ঢুকে আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৬৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এর মধ্যে জনকণ্ঠ অফিস থেকে ১ লাখ ৫২ হাজার টাকা এবং আমার দেশের ১৭ হাজার টাকা চুরি হয় বলে দুই অফিসে কর্মরত সাংবাদিকরা জানান। অফিস দু'টির বিভিন্ন ড্রয়ার ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্রও তছনছ করা হয়।
দৈনিক জনকণ্ঠ, চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার হাসান নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত ১০ টার দিকে তারা অফিসের কাজ শেষ করে গেটে তালা লাগিয়ে যান। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অফিস খুলে ভেতরে ঢুকে জানালার গ্রিল কাটা এবং খোলা আলমারি ও কাগজপত্র তছনছ অবস্থায় দেখতে পান। ওই আলমারিতে বিজ্ঞাপন ও অফিসের বিভিন্ন বিলের টাকা ছিল।
চোরদল আলমারি থেকে নগদ ১ লাখ ৫২ হাজার টাকা নিয়ে যায় বলে তিনি জানান।
পাশেই অবস্থিত আমার দেশ অফিসের স্টাফ রিপোর্টার মুস্তফা নঈম অনুরূপ বর্ণনা দিয়ে জানান, অফিসের আলমারি থেকে নগদ ১৭ হাজার টাকা চুরি হয়েছে।
তারা জানান, ঘটনার খবর পেয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বনজ কুমার মজুমদার, সহকারী কমিশনার (গোয়েন্দা) ওয়াহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (কোতোয়ালী) কাজী হেলাল উদ্দিন এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় উভয় অফিসের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৫৬ ঘ.
bdnews24