সাভার, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন মাসের বেতন না দিয়েই ঈদের চারদিন আগে কারখানা বন্ধ করে দিয়েছিল সাভারের আশুলিয়া থানা এলাকার সিজনস সোয়েটার কর্তৃপক্ষ। বুধবার শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু দুপুর প্রায় ১২ থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অপেক্ষা করেও বেতন পাননি তারা।
কারখানা মালিকের প্রতিশ্র"তি ভঙ্গের বিষয়টি জানাতে এবং বকেয়া বেতন পাওয়ার আশায় শ্রমিকরা বৃহস্পতিবার সকালে ঢাকায় তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন।
ঈদের আগে একবার এবং চলতি মাসে আরও দু'দফা শ্রমিকরা বিজিএমইএ'র নেতাদের দ্বারস্থ হন। কিন্তু তাতে কাজ হয়নি।
বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থানসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর- এই তিন মাসের বকেয়া বেতনের জন্য তারা ৩ ও ৭ অক্টোবর বিজিএমইএ কার্যালয় ঘেরাও করেও কোন ফল পাননি।
সোমবার তারা কারখানার মালিক জিয়াউল আমিনের বনানীর বাড়ি ঘেরাও করে বকেয়া আদায়ের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা বিজিএমইএ'র কার্যালয়ে যান। সেখানে সিজনস সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আমিনের সঙ্গে শ্রমিকদের বৈঠক হয়।
বৈঠকে বুধবার দুপুর ১২ টার মধ্যে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের প্রতিশ্র"তি দেওয়া হয়।
বুধবার দুপুর ১২ থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কারখানার সামনে অপেক্ষার পর তিন শতাধিক শ্রমিক তিনটি বাসে করে সকাল ৮টার দিকে ঢাকায় বিজিএমইএ কর্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।
এ ব্যাপারে সিজনস সোয়েটারের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল আমিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা কারখানা এমনকি ওই মালিকের বনানীর বাসা ঘেরাও করেও পাওনা বুঝে পায়নি।"
তিনি বলেন, "মালিক কারখানা বন্ধ করে পালিয়ে থাকায় শ্রমিকদের পাওনা পরিশোধের কোনো ব্যবস্থা করা যাচ্ছে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24