২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদক চেয়ারম্যানের বক্তব্যের জবাব দিলেন আইনমন্ত্রী

বিচারব্যবস্থা নিয়ে সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের কড়া সমালোচনার পর বিকেলে তার জবাব দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বাংলাদেশ সফররত ইউরোপীয় মানবাধিকার রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতে গেলে আইনমন্ত্রী বলেন, "কমিশন তার আইন প্রয়োগ করতে ভুল করেছে। আইনের বিধান অনুসরণ না করে মামলা দায়ের করায় উচ্চ আদালতে মামলাগুলো স্থগিত হয়ে আছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিচারব্যবস্থা নিয়ে সকালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান গোলাম রহমানের কড়া সমালোচনার পর বিকেলে তার জবাব দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। বাংলাদেশ সফররত ইউরোপীয় মানবাধিকার রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতে গেলে আইনমন্ত্রী বলেন, "কমিশন তার আইন প্রয়োগ করতে ভুল করেছে। আইনের বিধান অনুসরণ না করে মামলা দায়ের করায় উচ্চ আদালতে মামলাগুলো স্থগিত হয়ে আছে।" বুধবার সকালে নিজের দায়িত্বের তিনমাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক ব্রিফিং এ দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, "আইন অনুযায়ী আদালতে প্রমাণিত না হলে কাউকে দোষী বা দুর্নীতিবাজ বলা যায় না। কিন্তু দুর্নীতির বিষয়টি আদালতে প্রমাণিত হচ্ছে না। তা হলে দেশে দুর্নীতিপরায়ন ব্যক্তি খুব একটা নেই। আদালত যদি শাস্তি না দেয়, দুর্নীতিপরায়ন লোক যদি শাস্তি না পায়, তাহলে দেশ দুর্নীতিমুক্ত হবে না।" বিচারকরা যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে খড়গহস্ত না হন, তাহলে দুর্নীতি আরও বাড়বে" বলেও মন্তব্য করে তিনি বিচারকদের বিষয়টা আমলে নেওয়ার আহবান জানান। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ও কমিশনের কয়েক হাজার মামলা উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় এবং অনুসন্ধান ও তদন্তের পর্যায়ে আরও কয়েক হাজার অভিযোগ আছে বলে জানান গোলাম রহমান। পরে বিকেলে ইউরোপীয় মানবাধিকার রাষ্ট্রদূত আইনমন্ত্রীর কাছে দুদকের বেশি সংখ্যক মামলা আদালতে স্থগিত থাকার বিষয় নিয়ে প্রশ্ন করেন। মন্ত্রী তাদের জানান, "দুর্নীতি দমন কমিশন বর্তমানে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করছে।" গোলাম রহমান দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে বলে অভিযোগ করে আরও বলেন, "দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।" এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, "দুদককে আরও শক্তিশালী করতে সরকার প্রয়োজনে সংশ্লিষ্ট আইন সংস্কার অথবা নতুন আইন করবে। সরকার জাতীয় মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনে ছয়জন কমিশনার নিয়োগের জন্য একটি বাছাই কমিটি কাজ করছে।" জনগণের মানবাধিকার সুরক্ষার বিষয়ে সরকারের পদক্ষেপ মন্ত্রী বলেন, "বাংলাদেশের সংবিধানে জনগণের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তার বিধান আছে। এ বিধান বাস্তবায়নে সরকার অত্যন্ত আন্তরিক।" আইনমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশ সফররত ইউরোপীয় মানবাধিকার রাষ্ট্রদূতদের মধ্যে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের আর্জান হ্যামবার্গার, জার্মানীর গুন্টার নুক ও ডেনমার্কের আর্নল্ড ডি ফিন স্কিবস্টেড । এসময় বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত আলফন্স জে এ জে এম জি হেনিকেন্স ও ডেনমার্কের রাষ্ট্রদূত আইনার এইচ. জেনসেন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএইচ/২৩০৯ ঘ.