ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাংক ঋণের অতিরিক্ত সুদ হারের কারণে আবাসন কোম্পানিগুলোর তৈরি ফ্ল্যাট মধ্যবিত্ত ক্রেতাদের নাগালের বাইরে থেকে যাচ্ছে বলে মনে করেন দেশের অন্যতম আবাসন কোম্পানি শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তৌফিক এম. সেরাজ।
বুধবার দুপুরে রাজধানীর পান্থপথে 'শেলটেক কর্পোরেট লাউঞ্জে' এক সংবাদ সম্মেলনে শেলটেক ব্যবস্থাপনা পরিচালক এসব কথা বলেন। 'শেলটেক আবাসন মেলা-২০০৯' এর বিভিন্ন দিক সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আগামী ১৫-১৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত পান্থপথে শেলটেক টাওয়ারের 'শেলটেক লাউঞ্জে' এ মেলা চলবে।
আবাসন কোম্পানি মালিকদের সংগঠন রিহ্যাবের সাবেক সভাপতি তৌফিক সেরাজ বলেন, "বর্তমানে ফ্ল্যাট কেনার জন্য বিভিন্ন সরকারী ও বেসরকারী ব্যাংকের দেওয়া সুদের হার গড়ে ১৩ শতাংশ। যা সাধারণ মধ্যবিত্ত ক্রেতাদের জন্য অনেক বেশি। তবে সর্বোচ্চ সাড়ে ১২শ' বর্গফুট আয়তনের ফ্ল্যাটের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের দেওয়া বিশেষ প্যাকেজের সুদের হার নয় শতাংশ।"
মধ্যবিত্ত ক্রেতাদের বিষয়টি বিবেচনায় রেখে সব ধরনের ফ্ল্যাট ক্রয়ে ঋণের সুদের হার নয় শতাংশ করা উচিত মন্তব্য করে সেরাজ বলেন, "দেশে এখন পর্যন্ত ফ্ল্যাটের উচ্চমূল্যের কারণে তা মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার নাগালের মধ্যে আসেনি। কিন্তু মধ্যবিত্তদের জন্যই এ সুবিধা সবচেয়ে বেশি প্রয়োজন। আর এক্ষেত্রে সরকারকেই এগিয়ে আসতে হবে। ডেভেলপার কোম্পানিগুলোর এককভাবে তেমন কিছুই করার নেই। সরকার, ডেভেলপার কোম্পানি এবং গ্রাহক পর্যায়ে সমন্বিতভাবে কাজ করলেই এক্ষেত্রে সুফল পাওয়া সম্ভব।"
তিনি জানান, এবারের মেলায় মোট ১৫টি প্রকল্পের প্রায় ছয়শ' ফ্ল্যাট রয়েছে ক্রেতাদের জন্য। এছাড়া থাকবে বিভিন্ন আয়তনের বেশ কিছু প্লট।
মেলা উপলক্ষে ক্রেতারা ফ্ল্যাটের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং জমির ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়সহ বিভিন্ন সুযোগ পাবেন বলেও জানান শেলটেক ব্যবস্থাপনা পরিচালক।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে কোম্পানির হেড অব অপারেশন্স শরীফ হোসেন ভূঁইয়া এবং বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান খান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এক প্রশ্নের জবাবে তৌফিক সেরাজ বলেন, "২০০৭ ও ২০০৮ সালে দেশে অরাজনৈতিক সরকারের সময় ফ্ল্যাট বিক্রির প্রবৃদ্ধি অনেক কমে আসে। ওই সময় ক্রেতারা বিনিয়োগে আগ্রহ হারিয়ে ফেলেন। চলতি বছর রাজনৈতিক সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগে ক্রেতাদের আগ্রহ আবার ফিরে আসবে ও প্রবৃদ্ধির হার আবারও বাড়বে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু তা আশানুরূপ হচ্ছে না। তবে ক্রেতারা আবারও বিনিয়োগে আগ্রহ ফিরে পাচ্ছেন এটা একটা উল্লেখযোগ্য অগ্রগতি।"
শেলটেক ব্যবস্থাপনা পরিচালক জানান, ১৯৮৮ সালে যাত্রা শুরুর পর শেলটেক এপর্যন্ত রাজধানীতে একশ'র বেশি প্রকল্পে প্রায় দুই হাজার ফ্ল্যাট সরবরাহ করেছে। এছাড়া বর্তমানে আরও ৫০ টি প্রকল্পে ১২শ'র বেশি ফ্ল্যাট নির্মাণাধীন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/১৮০৬ ঘ.
bdnews24