২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশনকে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে অভিযোগ করে সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2009, 06:43 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনকে ক্রমেই ক্ষমতাহীন করা হচ্ছে অভিযোগ করে সংস্থার চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, দুদককে দন্তহীন বাঘে পরিণত করার পর এখন তার থাবা থেকে নখগুলোও কেটে দেওয়ার প্রক্রিয়া চলছে। বুধবার কমিশনের প্রধান কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। দুদকের বর্তমান আইন সংস্কারে হাত দিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে গত মার্চ মাসে একটি কমিটি গঠন করা হয়। সরকারের পাঠানো সংশোধিত সুপারিশমালা দুদকে পাঠানো হয়েছে। দেশ থেকে দুর্নীতি নির্মূলে বিচার বিভাগের সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, "বর্তমান বিচার ব্যবস্থার কারণে দেশ থেকে দুর্নীতি দমন করা সম্ভব নয়। বিচারকরা যদি দুর্নীতিবাজদের বিরুদ্ধে খড়গহস্ত না হন, তাহলে দুর্নীতি আরও বাড়বে। বিচারকরা যেন এই বিষয়টা আমলে নেন। "আমাদের সমাজের বাস্তবতার সঙ্গে মিল রেখে যদি বিচার ব্যবস্থা সংস্কার করা না যায়, তাহলে দেশ থেকে দুর্নীতি দমন করা অসম্ভব।" দুর্নীতি নির্মূলে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিয়ে গোলাম রহমান বলেন, "রাজনৈতিক সদিচ্ছা না থাকলে উচ্চ পর্যায়ের দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়।" সংস্থার জনবল সঙ্কটের কথাও তুলে ধরেন দুদক চেয়ারম্যান। গোলাম রহমান গত জুন মাসে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। আগের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী পদত্যাগের পর তাকে নিয়োগ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১২৫৫ ঘ.