খাগড়াছড়ি, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে সব উপজেলার গাড়ি চলাচল বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। জেলা শহরে গাড়ি চললেও সংখ্যা খুবই কম।
চার দফা দাবিতে গত ১০ অক্টোবর জেলাজুড়ে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে পার্বত্য শান্তিচুক্তিবিরোধী পাহাড়িদের এ সংগঠনটি। একই দাবিতে লক্ষ্মীছড়ি উপজেলায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
সকাল সাড়ে ৯টার দিকে জেলা শহরের দমকল বাহিনীর কার্যালয়ের সামনে পিকেটাররা চারটি ট্রাকসহ পাঁচটি গাড়ি ভাংচুর করে। শহর থেকে বের হওয়ার মুখে পিকেটররা তৎপর থাকায় উপজেলাগামী গাড়িগুলো বের হচ্ছে না।
সকাল ৯টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে পিকেটারদের হামলায় চাইলাপ্র"্য মারমা (২০) নামে এক সাইকেল আরোহী আহত হন। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল কর্মকর্তারা জানান, চট্টগ্রাম থেকে ফিরে আসার সময় জিরোমাইল এলাকায় হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সও ভাংচুর হয়।
ইউপিডিএফের দাবিগুলো হলো- সেনাবাহিনীর লক্ষ্মীছড়ির জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শরিফুল ইসলাম শরিফের শাস্তি, ইউপিডিএফ কেন্দ্রীয় নেতা রুই খই মারমার খুনিদের গ্রেপ্তার, পার্বত্য চট্টগ্রাম ন্যাশনাল ফোরাম (সিএইচটিএনএফ) এর নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং ৯ অক্টোবর ইউপিডিএফ'র নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি।
গত ২ অক্টোবর ইউপিডিএফের কেন্দ্রীয় নেতা রুই খই মারমা খুন হন। সংগঠনটির অভিযোগ, এইচটিএনএফ এ নেতা-কর্মীদের হামলায় রুই খই নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২১৮ ঘ.
bdnews24