বান্দরবান, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানের আলীকদম উপজেলা থেকে মিয়ানমারের আরও ১০ নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার আমতলী এলাকায় অভিযান চালিয়ে মিয়ানামরের এই ১০ রোহিঙ্গা মুসলমানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়াজ মোহাম্মদ।
মঙ্গলবার ওসি সাংবাদিকদের জানান, আটককৃতরা মিয়ানমারের নাগরিক। তারা অবৈধভাবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে আলীকদমে অবস্থান নেয়।
এদেশের ভোটার বা নাগরিক হিসেবে কোনো প্রমাণ দেখাতে না পারায় তাদের মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক হিসেবে চিহ্নিত করে আটক করা হয় বলে তিনি জানান।
এরা হলেন- মো. আমিন (২৫), সৈয়দ আহমদ (২৮), লোকমান হাকিম (১৯), মো. ইলিয়াছ (১৭), খোদেজা খাতুন (২১), আয়েশা আক্তার (২৬), সামেদা খাতুন (৩৩), সানোয়ারা বেগম (৩৫), ইয়াসমিন (২২) ও শারমিন (২৩)।
ওসি জানান, জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করেছেন- তাদের বাড়ি মিয়ানমারের বুচিডং ও আকিয়াব এলাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২০৬ ঘ.
bdnews24