২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস ব্লক ইজারা প্রতিহতের ঘোষণা তেল-গ্যাস রক্ষা কমিটির

বিদেশি কোম্পানিকে সাগরের গ্যাস ব্লক ইজারা দেওয়ার 'চক্রান্ত' যে কোন মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার বিকেলে নগরীর জেএম সেন হল চত্বরে কমিটির চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে বক্তারা এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 05:42 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি কোম্পানিকে সাগরের গ্যাস ব্লক ইজারা দেওয়ার 'চক্রান্ত' যে কোন মূল্যে প্রতিহতের ঘোষণা দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার বিকেলে নগরীর জেএম সেন হল চত্বরে কমিটির চট্টগ্রাম বিভাগীয় কনভেনশনে বক্তারা এ ঘোষণা দেন। এতে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, "সাগর থেকে গ্যাস উত্তোলনে প্রধানমন্ত্রীর কঠিন ঘোষণা জাতির সঙ্গে ভাঁওতাবজির সামিল। আমরাও গ্যাস সম্পদ তুলতে চাই। তবে তা সাম্রাজ্যবাদের স্বার্থে নয়, মেহনতি জনগণের জন্য।" বর্তমান সরকার সাম্রাজ্যবাদের প্রতি নতজানু নীতি গ্রহণ করেছে দাবি করে তিনি অবিলম্বে গ্যাস ব্লক ইজারা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। "তা না হলে জাতি তাদের ক্ষমা করবে না" বলেও মন্তব্য করেন শহীদুল্লাহ। কমিটির চট্টগ্রাম শাখা আহবায়ক আবুল মোমেনের সভাপতিত্বে কনভেনশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ মইনুল ইসলাম, সমুদ্র গবেষক নুর মোহাম্মদ, সিপিবি'র কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রুহিন হোসেন প্রিন্স, জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, বিপ্লবী ওয়াকার্স পার্টির নেতা সাইফুল হক, বাসদেও রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকী ও প্রকৌশলী দেলোয়ার মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএনএস/এসএইচ/২৩৪৫ ঘ.