ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের চলতি অধিবেশনের মেয়াদ নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রধান হুইপ আব্দুস শহীদ।
সোমবার রাতে সংসদ ভবনের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, জানুয়ারিতে শীতকালীন অধিবেশনের আগে আরেকটি বাড়তি অধিবেশন এড়াতে তৃতীয় অধিবেশনের মেয়াদ বাড়ানো হবে।
আব্দুস শহীদ বলেন, "মঙ্গলবারের (১৩ অক্টোবর) অধিবেশনের পর ২৮ অক্টোবর পর্যন্ত অধিবেশন মুলতবি থাকবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত তা চলবে।"
তিনি জানান, চলতি অধিবেশন মঙ্গলবার শেষ করা হলে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য সরকারকে ১৩ ডিসেম্বরের আগে অবশ্যই আরেকটি অধিবেশন আহ্বান করতে হবে।
সংবিধান অনুসারে সর্বশেষ অধিবেশনের শেষ কার্যদিবস থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতেই হবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণের জন্য জানুয়ারিতে অধিবেশনের আয়োজন করার বিষয়ে বাধ্যবাধকতা রয়েছে সরকারের।
প্রধান হুইপ বলেন, স্পিকার আবদুল হামিদ শিগগির কার্য উপদেষ্টা কমিটির বৈঠক করে তৃতীয় অধিবেশনের মেয়াদ চূড়ান্ত করবেন।
গত ৭ সেপ্টেম্বর অধিবেশন শুরুর পর ১৫ সেপ্টেম্বর ঈদুল ফিতর ও দুর্গপূজার জন্য ৪ অক্টোবর পর্যন্ত তা মুলতবি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/এইচএ/২২৪৫ ঘ.
bdnews24