সাভার, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সেতুর ওপর রোববার রাতে আগুন লেগে একটি প্রাইভেটকার পুড়ে গেছে। এসময় মহাসড়কে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত আনুমানিক ১২ টার দিকে গ্যাস চালিত একটি প্রাইভেটকারে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তে গাড়িটি পুরোপুরি পুড়ে যায়। এসময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
তিনি আরও জানান, কারটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। তবে পুড়ে যাওয়া প্রাইভেটকারের চালক, মালিক অথবা যাত্রী কাউকেই পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ কিংবা আগুন নেভানোর বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
এসআই রেজাউল বলেন, "অগ্নিকাণ্ডের বিষয়টি তদন্ত করা হবে।"
সাভার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, আমিনবাজার সেতুর ওপর প্রাইভেটকারে আগুন লাগার বিষয়টি তিনি জানেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৯ ঘ.
bdnews24