২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিপিএ: বাংলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) সংক্রান্ত নতুন সরকারি আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বাংলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। একই দাবিতে রোববার ঢাকা কলেজের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 08:18 AM

Updated : 26 Aug 2022, 12:11 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জিপিএ (গ্রেড পয়েন্ট এভারেজ) সংক্রান্ত নতুন সরকারি আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বাংলা কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। একই দাবিতে রোববার ঢাকা কলেজের সামনে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। সোমবার বাংলা কলেজের শিক্ষার্থীরা মিরপুর রোডের দুই পাশের সড়ক অবরোধ করে রাখে। এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা সাড়ে ১২টার দিকে প্রথমে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভিতরে বিক্ষোভ করলেও পৌনে একটার দিকে তারা কলেজের সামনে মূল সড়কে চলে আসে। সড়কের দু'পাশ অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। দাবি আদায়ে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার শাহবাগ সড়ক অবরোধ ও বুধবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিও ঘোষণা করেছে। কলেজের ছাত্র আকরাম হোসেন বলেন, দাবি মানা মানা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, তারা ঘটনাস্থলে যাচ্ছেন। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ২০০১-২০০৪ সালের এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ। তারা জানিয়েছে, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত এসএসসি ও এইচএসসি উত্তীর্ণরা গ্রেডিং পদ্ধতিতে বৈষম্যের শিকার হচ্ছে। তারা যখন স্নাতক পর্যায়ে ভর্তি হয়, তখন জিপিএ-২ (৪৫ শতাংশ নম্বর) প্রাপ্তদের দ্বিতীয় বিভাগ হিসেবে এবং জিপিএ- ৩ (৬০ শতাংশ নম্বর) প্রাপ্তদের প্রথম বিভাগ হিসেবে গণ্য করা হয়েছিল। তবে গত ২ জুন শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ২০০৪ সাল ও তার পরে যারা পাস করেছে তাদের ক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ- ৩ এর কমকে তৃতীয় বিভাগ এবং জিপিএ-৪ এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত জিপিএ- ২ পয়েন্ট ৫ এর কমকে তৃতীয় বিভাগ এবং জিপিএ- ৩ পয়েন্ট ৫ এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে ধরা হয়েছে। অর্থাৎ ২০০১-২০০৩ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণদের যারা আগে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হতো, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী তারা তৃতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসআইটি/আরএ/