২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতে রোববার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন সিলেটের বালাগঞ্জে দুইজন, ব্রা‏‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জে একজন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চাঁপাইনবাবগঞ্জ ও ফেনীতে রোববার সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছেন সিলেটের বালাগঞ্জে দুইজন, ব্রা‏‏হ্মণবাড়িয়ার আশুগঞ্জে একজন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একজন এবং ফেনীর ছাগলনাইয়া উপজেলায় দুইজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কে বালাগঞ্জ উপজেলার ওসমানী নগর থানার কুরুয়া বাজারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন শান্তি রাণী দাস (৩৫) এবং তার মেয়ে সাথী রাণী দাস (৬)। তাদের বাড়ি ওসমানী নগরের লামাতাজপুর গ্রামে। একই সময়ে ওই বাসের ধাক্কায় একটি সিএনজি অটো রিকশার চালক হিমাংশু দাস (২২) মারাত্মক আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসমানী নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, বেলা ৩টার দিকে কুরুয়া বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লা থেকে সিলেটগামী একটি বাস শান্তি ও সাথীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপর বাসটি একটি সিএনজি অটো রিকশাকে ধাক্কা দেয়। আতিকুর রহমান জানান, বাসটির চালক জহিরুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ব্রাহ্মণবাড়িয়া: ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে সকাল ১০টার দিকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় মো. হানিফ মিয়া (৩০) নামে এক পথচারী নিহত হন। এ সময় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত প্রাইভেটকারের ৫ আরোহীকে স্থানীয় নূর মেডিলেক সেন্টার ও সোহরাব মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। নিহত হানিফ মিয়ার বাড়ি আশুগঞ্জ উপজেলার সোনারামপুর গ্রামে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাফরুল্লাহ জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কে শিবগঞ্জের রানীহাটি এলাকায় সকালে ট্রাক চাপায় মোহাম্মদ সোহেল (১৮) নামের এক ভ্যানচালক নিহত ও ৪ জন আহত হয়েছে। সোহেল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাগানবাড়ী গ্রামের রুহুল আমিনের ছেলে। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি। শিবগঞ্জ থানার এসআই রাফায়েত আলম জানান, সকাল সাড়ে ১১টার দিকে সোনামসজিদগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি রিকশা-ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোহাম্মদ সোহেল নিহত হন। পুলিশ ট্রাকটি আটক করেছে। ফেনী: ফেনী-ছাগলনাইয়া সড়কে রেজুমিয়া সেতুর কাছে দু'টি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত এবং চারজন আহত হয়েছে। নিহতরা হলেন- হরিপুর বাংলাবাজার এলাকার এরশাদ উল্লাহর ছেলে মো. হাসান (৩০) এবং অজ্ঞাতনামা (৪০) একজন। আহতরা ছাগলনাইয়া পৌরসভার প্রকৌশলী আবুল হোসেন (৪২), ইউছুফ ভুঁইয়া (৫০), সিএনজি চালক আব্দুল করিম (২৬) এবং অজ্ঞাতনামা একজনকে ছাগলনাইয়া ও ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাগলনাইয়া থানার ওসি প্রদীপ কুমার জানান, লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দু'টি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.