২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মিরপুর সড়ক অবরোধ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর কল্যাণপুরে রোববার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা মিরপুর সড়ক প্রায় পৌনে দু'ঘণ্টা অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 03:16 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর কল্যাণপুরে রোববার একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের শ্রমিকরা মিরপুর সড়ক প্রায় পৌনে দু'ঘণ্টা অবরোধ করে রাখে। কল্যাণপুরের খাজা মার্কেটে আবস্থিত মন্ড অ্যাপারেল নামের ওই গার্মেন্টসের শ্রমিকদের অবরোধে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মাহফুজ নামে এক শ্রমিক সাংবাদিকদের জানান, ঈদের আগে তাদের জানিয়ে দেওয়া হয়েছিল ঈদের পর ১০ অক্টোবর এক মাসের বকেয়া বেতন দেওয়া হবে। আর এ কারণে তারা কারখানায় এসেছিলেন। কিন্তু মালিক পক্ষ বেতন না দিয়ে নানা টালবাহানা করায় তারা বিক্ষোভ করেছেন। প্রতিষ্ঠানের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা হাসান চৌধুরি দারুস সালাম থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা ঈদের আগে বেতন এবং বোনাস দিয়েছেন। পোশাক তৈরির কাজ পাওয়া সাপেক্ষে ১০ অক্টোবর শ্রমিকদের আসতে বলা হয়েছিল। সে অনুযায়ী তারা এলে জানিয়ে দেওয়া হয়, কাজ পাওয়া যায়নি ৩০ অক্টোবর যেন তারা পুনরায় আসে। কিন্তু তারা কোনো কথা না শুনে বিক্ষোভ শুরু করে এবং গত সেপ্টেম্বর মাসের বেতন দাবি করে বসে। অথচ পুরো সেপ্টেম্বর মাস কারখানায় কোনো কাজ হয়নি। এরপরও সেপ্টেম্বর মাসের বেতন ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তারা না শুনে মিরপুর সড়ক অবরোধ করে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মোস্তাক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এক মাসের বেতনের দাবিতে শ্রমিকরা দুপুর আড়াইটায় কারখানায় সমবেত হয়। পরে তারা বেতনের দাবিতে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিকেল পৌনে চারটার দিকে তারা রাস্তায় নেমে পড়ে। প্রথমে একদিকে অবস্থান নিয়ে তারা গাড়ি চলাচলে বাধা দিলেও পুরো রাস্তা বন্ধ করে পৌনে দু'ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, মালিক পক্ষের সঙ্গে বসে সেপ্টেম্বর মাসের বেতনের অর্ধেক ২০ অক্টোবর এবং বাকি বেতন ৩০ অক্টোবর দেওয়ার সিদ্ধান্ত হলে শ্রমিকরা সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চলে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১১২ ঘ.