২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ১১ নারী হত্যাকারী রসুর আদালতে জবানবন্দি

গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা ১১ খুনের আসামি রসু খাঁ (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 09:10 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

চাঁদপুর, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গী থেকে গ্রেপ্তার করা ১১ খুনের আসামি রসু খাঁ (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রোববার বিকেল চারটায় শুরু করে রাত ৮টায় জবানবন্দি শেষ হয়। এরপর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত চন্দ্র পালিত জানান। ওসি রাত ১০টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রসু পুলিশকে যা বলেছিল বিচার বিভাগীয় হাকিমের কাছেও জবানবন্দিতে তাই বলেছে। তবে খুনে তাকে সহায়তাকারী দু'তিনজনের নাম নতুন করে বলেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাবে না। বিকেল চারটার দিকে চাঁদপুরের সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. আমিরুল ইসলামের আদালতে রসুকে হাজির করা হয়। বিকেল সোয়া ৫টার দিকে হাকিমের খাস কামরায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া শুরু করে সে। প্রতিহিংসা পরায়ণ পেশাদার এ খুনিকে গত ৭ অক্টোবর রাতে টঙ্গীর নিরাশপাড়া এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেন মামলার তদন্ত কর্মকর্তা ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর কাসেম।্ তিনদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদকালে রসু সব খুনের কাহিনী বর্ণনা করে। লোমহর্ষকভাবে নির্যাতনের পর ১১ নারীকে হত্যা করার কথা স্বীকার করেছে রসু। এর মধ্যে জেলার ফরিদগঞ্জে ছয়, চাঁদপুর সদরে চার ও হাইমচরে এক নারীকে মেরে ফেলে লাশ ভাসিয়ে দেয় সে। প্রথম প্রেমে ব্যর্থ হয়ে ১০১ জন নারীকে হত্যার পরিকল্পনা নিয়েছিল বলে রসু পুলিশকে জানিয়েছে। জিজ্ঞাসাবাদে রসু পুলিশকে জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের মদনা গ্রামের আবুল খাঁর ছেলে রসু পেশায় কখনো হকার, কখনো রিক্সাচালক, কখনো ভাড়াটে দখলদার, কখনো ডাকাত আবার কখনো চোর। ১৬ বছর আগে সে এলাকা ছেড়ে টঙ্গীতে বসবাস শুরু করে। তখন শারমীন নামের এক বিত্তশালী পরিবারের মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। শারমীন তার প্রেমের প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছিল। কিন্তু রসু বেপরোয়া হয়ে ওঠলে শারমীনের পরিবার তাকে ধরে মারধর করে। এরপর সে মেয়েদের হত্যার নেশায় মেতে ওঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/ডিডি/২৩১০ ঘ.