রাজশাহী, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্যাস উত্তোলন ও অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে সম্পাদিত চুক্তি জনসমক্ষে প্রকাশের আগে সরকার জোরপূর্বক তা বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে তেল-গ্যাস রক্ষা কমিটির রাজশাহী জেলা শাখা আয়োজিত বিভাগীয় কনভেনশনে এই অভিযোগ করে তিনি বলেন, "তেল-গ্যাসসহ জাতীয় সম্পদকে সরকার নিজেদের সম্পদ মনে করছে।"
শহীদুল্লাহ বলেন, "সরকারের চুক্তি বাস্তবায়নের উদ্যোগ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়োজনে হরতাল-অবরোধসহ লাগাতারা আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে।"
প্রধান অতিথির বক্তব্যে ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, "জাতীয় সম্পদের প্রশ্নে আমরা সংসদে এবং রাজপথে লড়াই করব।"
কনভেনশনের বক্তারা সমুদ্রবক্ষের গ্যাস ব্লকের ইজারা বাতিলের দাবি জানান।
কনভেনশন থেকে সরকারের কাছে ছয় দফা দাবি দেওয়া হয়। এগুলো হল- রপ্তানির সুযোগ সম্বলিত তেল গ্যাস ব্লক ইজারা বাতিল, মডেল পিএসসি ২০০৮ বাতিল, এশিয়া এনার্জিকে দেশ থেকে বহিষ্কার, আনু মোহাম্মদসহ জাতীয় নেতাদের ওপর পুলিশের হামলার বিচার, বাপেক্সকে তেল-গ্যাসের শতভাগ মালিকানা নিশ্চিত এবং সংস্থাটিকে শক্তিশালী করে গড়ে তোলা।
সকালে রাজশাহী বিভাগের ১৬ জেলা থেকে তেল-গ্যাস রক্ষা কমিটির নেতৃবৃন্দ কনভেনশনে যোগ দেন। কনভেনশনে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।
তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির রাজশাহী জেলা আহবায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে আরও বক্তব্য রাখেন- কমিটির রাজশাহী জেলা শাখার নেতা আব্দুস সাত্তার, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আব্দুস সালাম, সিপিবির কেন্দ্রীয় নেতা মোরশেদ আলী, গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, বাসদ কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, গণতান্ত্রিক বিপ্লবি পার্টির নেতা বাবুল বিশ্বাস, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি, ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা সম্পাদক রফিকুল ইসলাম পিয়ারুল প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৪৪ ঘ.
bdnews24