২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কথিত বন্দুকযুদ্ধে নিহতকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার

খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত নিরাপদ বৈরাগীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের রানই গ্রামের শ্মশানে তার মরদেহ দাহ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 04:22 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

খুলনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত নিরাপদ বৈরাগীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের রানই গ্রামের শ্মশানে তার মরদেহ দাহ করা হয়। খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপদ বৈরাগীর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। তবে রাত হওয়ায় নিয়মানুযায়ী বিগল বাজানো হয়নি। ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাউজুল কবীর জানান, ১০/১২ জন মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের উপস্থিতিতে নিরাপদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়। উপজেলা প্রশাসন এ আয়োজন করে। ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুন্নবী খোকা জানান, যুদ্ধকালীন কমান্ডার নুরুল ইসলাম মানিকের পাঠানো তালিকায় নিরাপদ'র নাম ৩১ নম্বরে ছিল। ডুমুরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম মানিক বলেন, নিরাপদ বৈরাগী একজন ভূয়া মুক্তিযোদ্ধা। বিগত সরকারের আমলে তার নাম তালিকাভুক্ত করা হয়। ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামে শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নিরাপদ বৈরাগী। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফাউজুুল কবীর জানিয়েছিলেন, নিরাপদ চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যার অভিযোগে দুটিসহ ছয়টি মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.