২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৌযান শ্রমিক ফেডারেশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি

খুলনায় একটি কোস্টোরের (পণ্যবাহী নৌযান) মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 07:47 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

বাগেরহাট, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় একটি কোস্টোরের (পণ্যবাহী নৌযান) মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বুধবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে। এম. ভি. নূর-এ-রিফাত নামের ওই কোস্টার ভারত থেকে ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশে আসছিল। এ সময় খুলনার কয়রা উপজেলার আংটিহারা শুল্ক পয়েন্টে ১৪ কেজি হরিণের মাংসসহ এক যুবক ওঠে কোস্টারটিতে। একই সময়ে কোস্টগার্ড সদস্যরা এসে মংসসহ ওই যুবক এবং নৌযানের মাস্টারকে গ্রেপ্তার করে। কর্মবিরতির ফলে বুধবার দুপুর থেকে আংটিহারা পয়েন্ট দিয়ে নৌ-পথে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহন বন্ধ রয়েছে বলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক আবুল কাশেম মাস্টার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার সকাল ১১টার দিকে আংটিহারা শুল্ক পয়েন্টের ছাড়পত্র নিয়ে খুলনার উদ্দেশে রওনা হচ্ছিল। এ সময় ওখানে কর্তব্যরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইমরান হোসেন তার পরিচিত গাজী ওয়াজকুরানী নামে এক ব্যক্তিকে খুলনা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য কোস্টারের মাস্টার লিয়াকতকে অনুরোধ করেন। লিয়াকত রাজি হলে ওয়াজকুরানী একটি নৌকাযোগে কোস্টারের কাছে আসেন। একই সময় কোস্টগার্ডের একটি দল সেখানে উপস্থিত হয়ে ওয়াজকুরানীর কাছ থেকে ১৪ কেজি হরিণের মাংস উদ্ধার এবং ওয়াজকুরানী ও কোস্টারের মাস্টার লিয়াকতকে আটক করে কয়রা থানায় সোপর্দ করে। তিনি জানান, আংটিহারা শুল্ক পয়েন্টে বর্তমানে ভারতগামী ৬টি এবং ভারত থেকে পণ্য নিয়ে আসা ১০টি নৌযান রয়েছে। এ ব্যাপারে আংটিহারা শুল্ক পয়েন্টে কর্মরত পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইমরান হোসেন বলেন, মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত তিনি ছুটিতে ছিলেন। এ ধরনের কোনো ঘটনার সঙ্গে তিনি সম্পৃক্ত নন। খুলনার কয়রায় কর্মরত কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা পেটি অফিসার এম. এ. হাশেম ১৪ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেপ্তারের কথা স্বীকার করে জানান, গ্রেপ্তার দু'জনকে বুধবার বিকেলে কয়রা থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১৩০ ঘ.