২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ ও গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত ৪

হবিগঞ্জ ও গাইবান্ধায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তিনজন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 01:38 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ ও গাইবান্ধায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তিনজন এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে একজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় যাত্রীবাহী কোচ খাদে পড়ে তিনজন নিহত এবং ২৫ জন আহত হয়েছে। নিহতদের ২ জন হলেন- বানিয়াচং উপজেলার আলমপুর গ্রামের তোফায়েল আহমেদ রুবেল (১৮) এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল আজিজ (৫০)। আরেকজনের নাম জানা যায়নি। নিহত তোফায়েল হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন জানান, দুপুর দেড়টার দিকে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী কোচ আউশকান্দি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৩ জন মারা যায়। গাইবান্ধা: গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন নিহত ও ৬ জন আহত হয়েছে। নিহত আয়নাল হক (২০) উপজেলার বাগদা যুমনাপাড়া গ্রামের আলা বকসের ছেলে। আহতদের গোবিন্দগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, সকাল ১১টার দিকে দিনাজপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস গোবিন্দগঞ্জ -ঘোড়াঘাট সড়কের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কাছে একটি মহিষকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রী আয়নাল হক আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২০ ঘ.