ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকায় মার্কিন দূতাবাস ডাইভারসিটি ভিসা (ডিভি) বিষয়ে একটি তথ্যমূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রতারক দালাল ও মধ্যস্থতাকারীদের এড়িয়ে চলার বিষয়েও দূতাবাসের কনস্যুলার কর্মকর্তারা তথ্য দেবেন।
আগামী শনিবার বেলা তিনটায় রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম মিলনায়তনে এ অনুষ্ঠান হবে।
বৃহস্পতিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
ডিভি ২০১১ লটারির নিবন্ধন শুরু হয়েছে ২ অক্টোবর। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর।
দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের জন্য কোন প্রবেশমূল্য লাগবে না এবং ডিভির জন্য আবেদন করতে আগ্রহী সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।
এতে আরও বলা হয়, ডিভি-২০১১-এর মূলমন্ত্র হলো 'টেক কন্ট্রোল!' অর্থাৎ 'আবেদনের প্রতিটি ধাপ আপনার পূর্ণ নিয়ন্ত্রণে থাকুক।'
আবেদনপত্র জমা দেওয়ার আগে নিজের ব্যক্তিগত তথ্যাদি ভালোভাবে পরীক্ষা করতে হবে। কম্পিউটার অপারেটর সেটি অনলাইনে দেওয়ার সময় তা মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে যেন, তিনি কোন ধরনের প্রতারণার আশ্রয় না নিতে পারেন। জমা দেওয়ার পর তা নিশ্চিত করে একটি 'কনফার্মেশন' পৃষ্ঠা এলে তার প্রিন্ট কপি সংগ্রহ নিশ্চিত করার মাধ্যমে আবেদনকারীকে আবেদন প্রক্রিয়াটি নিজের পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এসএইচ/১৬২৭ ঘ.
bdnews24