সুনামগঞ্জ, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বৃহস্পতিবার ভোরে ঝড়ে তিন শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।
ধনপুর ইউনিয়নের চারটি গ্রামের ওপর দিয়ে এ ঝড় বয়ে যায় বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান কালার চান জানিয়েছেন।
ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- কালাউড়া, গাছাড়া, তেরেঙ্গি ও ধনপুর।
ইউপি চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।"
ঝড়ে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে দুপুর পর্যন্ত কোনও ধরনের সাহায্য তৎপরতা শুরু করেনি বলে অভিযোগ করেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এনায়েত খান ইউসুফজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েক শতাধিক ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পেয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।"
ক্ষয়ক্ষতি নিরূপণ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৩৪০ ঘ.
bdnews24