২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযোজনের অর্থ ব্যয়ে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রাধান্য পাবে: কৃষিমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে শিল্পোন্নত দেশগুলোর কাছ থেকে দাবিকৃত অর্থ পাওয়া গেলে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজনে শিল্পোন্নত দেশগুলোর কাছ থেকে দাবিকৃত অর্থ পাওয়া গেলে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বুধবার 'বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তায় জলবায়ু পরিবর্তনের প্রভাব' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নভেম্বরে বিশ্ব খাদ্য ও ডিসেম্বরের জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে উন্নত দেশের কাছ থেকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পোষাতে অর্থ আদায়ের বিষয়ে যৌক্তিকতা তুলে ধরা হবে। কৃষি মন্ত্রণালয় এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এ সভায় খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক দুর্যোগ মোকাবেলা এবং খাদ্য নিরাপত্তার বিষয়ে সরকারের কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। মতিয়া চৌধুরী বলেন, "উন্নত দেশগুলোর কাছ থেকে ৫ বিলিয়ন ডলার পাওয়া গেলে তা দিয়ে নদী ও খাল খনন এবং বেড়িবাঁধ উচু করা হবে। এছাড়া দক্ষিণাঞ্চলের কৃষি উৎপাদন বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।" তার সরকারের আগের আমলে দেশকে খাদ্যে স্বনির্ভর করা হয়েছিল উল্লেখ করে তিনি আরো বলেন, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণে এ অগ্রগতি ধরে রাখা যায়নি। মতিয়া বলেন, নির্বাচনী ইশতেহারে তার দল আবারো খাদ্যে স্বনির্ভরতার অঙ্গীকার করেছিল এবং তা বাস্তবায়ন করা হবে। খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, "জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের ওপর এরই মধ্যে পড়তে শুরু করেছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলবাসীদের রক্ষা করতে চার হাজার আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রয়োজন। সামাজিক নিরাপত্তার পরিধি আরো বাড়ানো দরকার।" বাংলাদেশের নিজস্ব সম্পদ দিয়ে তা সম্ভব নয় বলেই আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানান তিনি। সভায় কৃষি সচিব সি কিউ কে মোস্তাক আহমেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক সচিব জেড করিম ও এফএও'র প্রধান কার্যালয়ের উদ্ভিদ উৎপাদন ও নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্যাটারিনা ব্যাটাল্লো। প্রবন্ধের ওপর আলোচনা করেন এফএও'র আবাসিক প্রতিনিধি অ্যাড স্পাইকার্স, ব্র্যাকের নির্বাহী পরিচালক ড. মাহবুব হোসেন, বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস-সিইজিআইএস'র নির্বাহী পরিচালক গিয়াসউদ্দিন চৌধুরী। মাহবুব হোসেন জলবায়ু পরিবর্তন অভিযোজনের জন্য বাংলাদেশের দাবি করা অর্থ যথেষ্ট নয় বলে মন্তব্য করেন। অ্যাড স্পাইকার্স বলেন, "শতবর্ষ আগে ভ্যানগগের আঁকা 'আলুভোজীর' মুখে হতাশা আর অন্ধকারের সেই চিত্র আজো বৃহৎ ক্যানভাসে লাখো মানুষের মুখে দেখা যায়। "এসব মুখে আলো ফোটাতে এক্ষেত্রে রোম, কোপেনহেগেন এবং আগামীতেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।" এফএও'র আবাসিক প্রতিনিধি খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের জনগণের প্রতি সহায়তা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২৩২৪ঘ.